কলকাতা, ১২ এপ্রিলঃ ভোটের আবহে নাকা চেকিং ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। টলিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ তুলে জানান, চেকিংয়ের নামে তাঁকে চরম হেনস্তার শিকার হতে হয়েছে। তাঁর দাবি, গাড়ি থামিয়ে ব্যাগ খুলে ব্যক্তিগত জিনিসপত্র পর্যন্ত তল্লাশি করা হয়, যা অত্যন্ত অসম্মানজনক।
অভিনেত্রীর বর্ণনা অনুযায়ী, টলিগঞ্জ ফাঁড়ির কাছে নাকা চেকিংয়ের সময় পুলিশ তাঁর গাড়ি আটকায়। তিনি জানান, শুটিং থেকে ফিরছিলেন এবং শরীর খারাপ থাকায় দ্রুত বাড়ি ফিরতে চাইছিলেন। কিন্তু পুলিশি কর্তব্যের কথা বলে তল্লাশি চালানো হয়। তাঁর ব্যাগ থেকে মেকআপ কিট, অন্তর্বাস, স্যানিটারি ন্যাপকিন-সহ ব্যক্তিগত সামগ্রী বের করে দেখা হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে ‘শরীর খারাপের নাটক’ না করতে বলা হয় বলেও দাবি করেন তিনি।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন শ্রীময়ী চট্টোরাজ । তাঁর প্রশ্ন, মহিলা পুলিশ ছাড়া এভাবে তল্লাশি করা কতটা যুক্তিযুক্ত?
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রবিবার খণ্ডঘোষের জনসভা থেকে মমতা ব্যানার্জি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “চেকিংয়ের নামে মেয়েদের ব্যাগ খুলে জিনিসপত্র দেখানো হচ্ছে, এটা মহিলাদের অসম্মান।” তিনি আরও দাবি করেন, এই ধরনের ঘটনা একাধিক জায়গায় ঘটছে এবং নির্বাচনের নামে অতিরিক্ত হয়রানি চলছে।
উল্লেখ্য, এর আগেও নাকা চেকিং নিয়ে অভিনেতা অরিত্র দত্তবণিক ক্ষোভ প্রকাশ করেছিলেন। সব মিলিয়ে, ভোটের আগে নিরাপত্তা ও ব্যক্তিগত মর্যাদার প্রশ্নে নতুন করে বিতর্ক তৈরি হল।





