কলকাতা, ১৪ আগস্টঃ হাতে মোবাইল নয়, চোখ থাকবে চার দিকে। কুচকাওয়াজ দেখার জন্য নয়, নিরাপত্তার দায়িত্ব পালন করতেই রেড রোডে থাকতে হবে পুলিশকর্মীদের। স্বাধীনতা দিবসের আগে কর্তব্যরত পুলিশকর্মী ও আধিকারিকদের এমনই কড়া নির্দেশ দিল লালবাজার।
শনিবার স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক ভিভিআইপি ও ভিআইপি। সাম্প্রতিক সময়ে কলকাতার উপকণ্ঠ থেকে জঙ্গি সংগঠনের সদস্য এবং পাক চর গ্রেফতারের ঘটনার পর এ বার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ।
গোয়েন্দাদের আশঙ্কা, জঙ্গিদের নিশানায় থাকতে পারে রেড রোডের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সেই কারণেই আগে থেকেই সতর্ক করা হয়েছে পুলিশকে। বৃহস্পতিবার থানা ও ট্র্যাফিক গার্ডের ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের মাধ্যমে ডিউটিরত বাহিনীকে একাধিক নির্দেশ দেওয়া হয়।
লালবাজারের স্পষ্ট বার্তা, ‘‘মনে রাখবেন, আপনারা দর্শক নন। ডিউটি করতে এসেছেন। মোবাইলের দিকে চোখ নয়। নজর রাখতে হবে আশপাশে কে, কী করছে।’’
পুলিশ সূত্রের খবর, গত কয়েক বছরে স্বাধীনতা দিবসের ডিউটির সময় অনেক পুলিশকর্মীকেই মোবাইল ঘাঁটতে দেখা গিয়েছে। কেউ আবার দর্শকদের মতো কুচকাওয়াজের ছবি ও ভিডিয়ো তুলেছেন, কেউ ব্যস্ত ছিলেন সেলফি নিয়ে। সেই প্রবণতা এ বার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
রেড রোডে কর্তব্যরত পুলিশকর্মীদের মূল দায়িত্ব হবে আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখা। বিশেষ করে আশপাশের মানুষ এবং বাইরে থেকে আসা দর্শকদের গতিবিধি খতিয়ে দেখতে বলা হয়েছে।
শুধু কুচকাওয়াজ চলাকালীন নয়, অনুষ্ঠান শেষ হওয়ার পরেও নিরাপত্তা বজায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী কুচকাওয়াজ শেষে মাল্যদান কর্মসূচিতে যেতে পারেন। অতীতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী মঞ্চ ছাড়ার পরই দর্শকদের একাংশ রাস্তায় নেমে আসেন। এ বার তাই মুখ্যমন্ত্রীর পরবর্তী কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত কোনও দর্শককে রেড রোডে নামতে দেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে লালবাজার।





