কলকাতা, ২৯ নভেম্বরঃ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা কারা পাবে, তা নিয়ে রাজনৈতিক টানাপড়েন এবার পৌঁছল নতুন মোড়ে। হাই কোর্টের নির্দেশের পর তৃণমূলের দুই শিবিরকেই মুখোমুখি বসিয়ে সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের পথে হাঁটতে পারে বিধানসভার অধ্যক্ষের সচিবালয়। শুক্রবারের রায়ের পর অধ্যক্ষ রথীন্দ্র বসুর হাতেই পরবর্তী সিদ্ধান্তের ভার ছেড়েছে আদালত। ফলে বিরোধী দলনেতার পদ ঘিরে কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরের লড়াই আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শীতকালীন অধিবেশন শুরুর আগে হাতে সময়ও বিশেষ নেই।
আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগে ২ ডিসেম্বর পরপর সর্বদলীয় বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে তার আগেই বিরোধী দলের মর্যাদা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে চাইতে পারে অধ্যক্ষের সচিবালয়। সেই হিসাবে ৩০ নভেম্বর সোমবার অথবা ১ ডিসেম্বর মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, নতুন করে আইনি জটিলতা এড়াতে দুই শিবিরকেই ডেকে নিজেদের বিধায়ক সংখ্যা ও সমর্থনের প্রমাণ দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে।
তবে এই সম্ভাবনা নিয়ে আপত্তি রয়েছে কালীঘাট তৃণমূল শিবিরের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, হাই কোর্টের রায়ে সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের কোনও নির্দেশ নেই। তাঁর বক্তব্য, গত জুন মাসে তৃণমূলনেত্রীর নির্দেশে অধ্যক্ষকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকেই বিরোধী দলের মর্যাদা দিতে হবে। আদালতের নির্দেশকে উপেক্ষা করে শক্তি পরীক্ষার পথে হাঁটলে তা গ্রহণযোগ্য হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
শোভনদেবের অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে হাই কোর্ট প্রশ্ন তুলেছে এবং পক্ষপাতদুষ্ট বলেও মন্তব্য করেছে। তাঁর কথায়, ‘‘এটা বিধানসভার ইতিহাসে, পরিষদীয় রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক।’’ পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, অধ্যক্ষের উদ্যোগে যদি শক্তি পরীক্ষা হয় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির বেশি সমর্থন দেখাতেও সক্ষম হয়, তা হলেও আইনি লড়াইয়ের রাস্তা খোলা থাকবে।
অন্যদিকে, ঋতব্রত শিবিরের বক্তব্য, বিষয়টি সম্পূর্ণভাবে অধ্যক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। অধ্যক্ষ চাইলে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যেতে পারেন। আবার আদালতের নির্দেশ মেনে দুই পক্ষকে ডেকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণও চাইতে পারেন। ঋতব্রতদের দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে তাঁরা আগের তুলনায় বেশি সমর্থন নিয়ে হাজির হবেন।
পরিষদীয় রীতি অনুযায়ী, যে দলের বিধায়ক সংখ্যা সবচেয়ে বেশি, বিরোধী দলের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার থাকে। সাধারণত এ জন্য আলাদা করে অধিবেশন ডেকে ভোটাভুটির প্রয়োজন হয় না। অধ্যক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে বর্তমান পরিস্থিতিতে দুই শিবিরের দাবি-পাল্টা দাবি সেই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।
সব মিলিয়ে ৪ ডিসেম্বর অধিবেশন শুরুর আগে বিরোধী দলনেতার কুর্সি ঘিরে বিধানসভার অন্দরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এখন দেখার, অধ্যক্ষ সরাসরি দুই পক্ষের শক্তি যাচাই করেন, নাকি অন্য কোনও আইনি পথ বেছে নেন। তাঁর পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রাজ্যের পরিষদীয় রাজনীতি।





