কলকাতা, ২৯ নভেম্বরঃ লোকসভায় আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পেশের আগে জাতীয় রাজনীতিতে উত্তাপ বাড়ছে। সোমবার সংসদে এই দুই গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা। এনডিএ শিবিরের দাবি, বিল দু’টি পাশ করানোর বিষয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। অন্যদিকে, বিরোধী ইন্ডিয়া জোটের অন্দরে মতপার্থক্য তৈরি হয়েছে বলেও রাজনৈতিক মহলে জল্পনা। এই আবহে শনিবারই দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকে কেন্দ্র করেই নতুন করে আক্রমণ শানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। মমতাকে ‘সংকটের’ মধ্যে থাকা নেত্রী বলে কটাক্ষ করার পাশাপাশি মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করলে রাজনৈতিক মূল্য চোকাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রবিবার রাজারহাটের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে তাঁর বক্তব্য, দেশের মহিলারা এখন অনেক বেশি সচেতন ও সক্রিয়। ফলে এই বিলের বিরোধিতা করলে আগামী নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। দিলীপের কথায়, ‘‘দেশের মহিলারা খুবই জাগ্রত, খুবই সক্রিয়। আর যদি কেউ বিরোধিতা করে, আগামী নির্বাচনে তার ফল ভোগ করতে হবে। মহিলারা তার যোগ্য জবাব দেবেন।’’
এর পরেই মমতার দিল্লি সফর নিয়ে সরাসরি আক্রমণ করেন তিনি। দিলীপের দাবি, তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত সংকটজনক। তাঁর কটাক্ষ, ‘‘ওঁনার অন্য সমস্যা। পার্টি চলে গিয়েছে। পার্টি অফিস চলে গিয়েছে। পার্টির অ্যাকাউন্ট চলে গিয়েছে। ঝান্ডা, ব্যানার, সিম্বল সব গিয়েছে। বাঁচার জন্য দিল্লি ছুটছেন।’’ ইন্ডিয়া জোটকে বাঁচিয়ে রাখার দায়িত্ব মমতা নিজের কাঁধে তুলে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। দিলীপের কথায়, ‘‘সত্যি সত্যি খুব সংকটের মধ্যেই আছেন।’’
মহিলা সংরক্ষণ বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংশয় প্রকাশের প্রসঙ্গেও সরব হন দিলীপ। তাঁর অভিযোগ, এত দিন ধরে বিরোধীরা দেশের সংস্কৃতি, পরম্পরা ও সামাজিক সংস্কারের বিরোধিতা করে এসেছে। এখন মহিলা সংরক্ষণ বিল নিয়েও নেতিবাচক রাজনীতি করা হচ্ছে। মমতাকে নিশানা করে তিনি বলেন, যিনি পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে পারেননি, তিনি কীভাবে মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন তোলেন? এ প্রসঙ্গে আরজি করের ঘটনাও টেনে আনেন দিলীপ। তাঁর অভিযোগ, ওই ঘটনার সত্য আড়াল করার চেষ্টা হয়েছিল। মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করলে মমতার রাজনৈতিক অস্তিত্বও আরও দুর্বল হবে বলে মন্তব্য করেন তিনি।
তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী। তাঁর দাবি, রাজ্যে ক্ষমতা হারানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব কমেছে। সেই কারণেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেন দিলীপ। তাঁর কথায়, অভিষেকের সাম্প্রতিক বক্তব্য তাঁর বর্তমান পরিস্থিতিরই প্রতিফলন।
সব মিলিয়ে সোমবার সংসদে দুই বিল পেশের আগে জাতীয় রাজনীতির পাশাপাশি রাজ্যেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে শাসক-বিরোধী তরজা কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





