কলকাতা, ২৯ নভেম্বরঃ সরকারি চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা নয়, কর্মসংস্থানের বিকল্প পথ খুঁজুক তরুণ প্রজন্ম বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সুরে বেকার যুবক-যুবতীদের বেসরকারি ক্ষেত্রেও চাকরির চেষ্টা করার পরামর্শ দিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এ বার সেই ভাবনাকেই বাস্তবের মাটিতে নামানোর উদ্যোগ নিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর উদ্যোগে কেষ্টপুরে আয়োজিত ‘উড়ান ১০০০+’ কর্মসংস্থান কর্মসূচিতে এক ছাদের তলায় হাজির হল একাধিক বেসরকারি সংস্থা। লক্ষ্য, দু’দিনে প্রায় দেড় হাজার বেকার যুবক-যুবতীর হাতে চাকরির সুযোগ তুলে দেওয়া।
শনিবার থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি। শুধু রাজারহাট-গোপালপুর নয়, দমদম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকা এবং সংলগ্ন রাজারহাট-নিউটাউন ও বিধাননগর এলাকার চাকরিপ্রার্থীদের জন্য এই উদ্যোগ। আয়োজকদের দাবি, কর্মসূচিতে অংশ নিতে ৯ হাজারেরও বেশি যুবক-যুবতী নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্য থেকে প্রথম দিনেই ৭০০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। রবিবার আরও ৮০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।
কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ? আয়োজকদের তরফে জানানো হয়েছে, সেলস বিভাগ, নার্সিং, নিরাপত্তারক্ষী থেকে শুরু করে ম্যানেজমেন্ট বিভিন্ন পদের জন্য নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। একাধিক সংস্থার প্রতিনিধিরা একই জায়গায় উপস্থিত থাকায় চাকরিপ্রার্থীদের আলাদা আলাদা প্রতিষ্ঠানে ঘুরে আবেদন বা ইন্টারভিউ দেওয়ার ঝক্কি অনেকটাই কমেছে। নির্দিষ্ট পদের জন্য সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিয়োগপত্র।
বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দাবি, প্রথম দিনের নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ন্যূনতম ১২ হাজার টাকা। সর্বোচ্চ বেতনের অঙ্ক ৮০ হাজার টাকা পর্যন্ত। তাঁর কথায়, ‘‘এই উদ্যোগে সাড়া দিয়ে ৯ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে থেকে ৭০০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। রবিবার আরও ৮০০ জনকে নিয়োগপত্র দেওয়া হবে।’’
তবে এক দিনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়নি। বিধায়কের বক্তব্য, গত কয়েক মাস ধরে বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ, আলোচনা এবং একাধিক বৈঠকের পরেই চাকরির মেলার পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হয়েছে। তাঁর লক্ষ্য, সরকারি চাকরির বাইরে বেসরকারি ক্ষেত্রেও স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
চাকরিপ্রার্থীদের একাংশও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এক জায়গায় একাধিক সংস্থার সামনে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাওয়া বড় সুবিধা। তবে নিয়োগপত্র পাওয়ার পর বাস্তবে কত জন কাজে যোগ দেন এবং দীর্ঘমেয়াদে কত জনের চাকরি স্থায়ী হয়, তার উপরেই এই কর্মসূচির সাফল্য অনেকটা নির্ভর করবে। আপাতত কেষ্টপুরের ‘উড়ান ১০০০+’ কর্মসূচিকে ঘিরে কর্মসংস্থানের আশায় নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে চাকরিপ্রার্থীদের মধ্যে।





