কলকাতা, ১৪ আগস্ট: অভয়া-কাণ্ডে একের পর এক গ্রেপ্তারির মধ্যেই এ বার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেই তাঁর প্রশ্ন, ‘‘নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাবেন কেন?’’
অভয়া-কাণ্ডে দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ ঘিরে নতুন করে তদন্ত শুরু হয়েছে। গত ৯ অগস্ট পানিহাটিতে অভয়ার স্মরণসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। তার পরেই অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে নির্মল, সঞ্জীব এবং সোমনাথ দে-র বিরুদ্ধে নতুন করে মামলা হয়।
বৃহস্পতিবার সকালে ওড়িশার বালেশ্বর থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। রাতে পুলিশের জালে ধরা পড়েন সঞ্জীব মুখোপাধ্যায়ও। তবে এখনও অধরা সোমনাথ দে। এই আবহেই অগ্নিমিত্রার নিশানায় মমতা।
পুরমন্ত্রী বলেন, ‘‘যদি নির্মল ঘোষ গ্রেপ্তার হন, তা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা দরকার। কারণ, সেই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন।’’ তাঁর অভিযোগ, ঘটনার পর পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। অগ্নিমিত্রার দাবি, অভয়ার বাবা-মায়ের মুখ বন্ধ রাখার জন্য তাঁদের উপর চাপ তৈরির চেষ্টা হয়েছিল।
তিনি আরও বলেন, নির্মল এবং সোমনাথের বিরুদ্ধে যে প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে, সেই একই প্রশ্নের জবাব প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছ থেকেও পাওয়া প্রয়োজন। তাঁর কথায়, ‘‘যদি নির্মলবাবুকে গ্রেফতার করে প্রশ্নের উত্তর দিতে হয়, যদি সোমনাথবাবুকে গ্রেফতার করার দাবি রাখি, তা হলে মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা দরকার বলে মনে হয়।’’
অভয়া-কাণ্ডে নতুন করে তদন্ত ও গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিরোধীদের দাবি, শুধু কয়েক জনকে গ্রেপ্তার করলেই হবে না, ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখতে হবে। অন্য দিকে, তদন্ত এখনও চলছে। ফলে অগ্নিমিত্রার এই দাবির পর রাজনৈতিক বিতর্ক যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।





