মালদা, ৮ এপ্রিলঃ একাধিক জেলায় ট্রাইবুনালের জন্য অফলাইনে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও মালদা ছিল ব্যতিক্রম। অবশেষে আজ থেকে জেলাতেও অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে পর্যাপ্ত প্রচারের অভাবে প্রথম দিনেই ট্রাইবুনাল প্রায় ফাঁকাই দেখা যায়। মালদা জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে অস্থায়ীভাবে এই ট্রাইবুনাল খোলা হয়েছে। জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা ১২টি টেবিল তৈরি করা হয়েছে।
জেলা সূত্রে জানা গিয়েছে, মালদায় মোট ৮ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের নাম বিচারাধীন ছিল। এর মধ্যে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে, ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। মূলত এই ডিলিটেড ভোটাররাই ট্রাইবুনালে আবেদন জানাতে আসছেন।
তবে আবেদন করতে এসে চরম হয়রানির অভিযোগ তুলেছেন বহু ভোটার। তাঁদের দাবি, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও কোনও স্পষ্ট নির্দেশ বা তথ্য দেওয়া হচ্ছে না। কখনও বলা হচ্ছে কাজ হবে, আবার কিছুক্ষণের মধ্যেই জানানো হচ্ছে আবেদন গ্রহণ করা যাবে না। ফলে চরম বিভ্রান্তির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ।
ডিলিটেড ভোটার বিজয় কুমার সিং জানান, “আমরা বহু বছর ধরে ভোট দিয়ে আসছি, হঠাৎ করে নাম বাদ পড়ে যাওয়ায় খুবই সমস্যায় পড়েছি।” একই সুরে লিপা থোকদার বলেন, “পরিবারের সদস্যদের নাম থাকলেও একজনের নাম বাদ পড়েছে, এর কোনও ব্যাখ্যা মিলছে না।” ধনমহম্মদ সরকার, উর্মিলা মাহাতো এবং মতিলাল সাহার মতো অনেকেই একই অভিযোগ তুলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
সার্বিকভাবে, ট্রাইবুনাল চালু হলেও সুষ্ঠু ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে প্রথম দিনেই প্রশ্নের মুখে পড়েছে পুরো প্রক্রিয়া।





