খবরিয়া ২৪ ডেস্ক, ৭ জানুয়ারিঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে শিলিগুড়ির রাঙাপানি এলাকায়। বহুবছর ধরে চরম দুর্ভোগের সাক্ষী থাকা রাঙাপানি ৫ নম্বর রেলগেট বা লেভেল ক্রসিংয়ে অবশেষে উড়ালপুল নির্মাণের পথে বড়সড় অগ্রগতি হল। বুধবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তার হাত ধরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয়। কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে এই উড়ালপুল নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে।
রাঙাপানি লেভেল ক্রসিং দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের কাছে ভোগান্তির নামান্তর হয়ে উঠেছিল। প্রতিদিনই রেললাইন পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকতে হতো। বিশেষ করে ফাঁসিদেওয়া থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে যাতায়াতকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি রেলগেট বন্ধ থাকলেই কার্যত অচল হয়ে পড়ত। অফিসযাত্রী, ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগীবাহী গাড়ি সবারই একই দুর্ভোগ পোহাতে হতো।
সবচেয়ে বেশি সমস্যায় পড়ত জরুরি পরিষেবাগুলি। একাধিকবার রেলগেটে আটকে পড়েছে অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি। অভিযোগ রয়েছে, গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছতে দেরি হওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময় দমকল বাহিনীকেও দীর্ঘক্ষণ রেলগেট খোলার অপেক্ষায় থাকতে হয়েছে।
এছাড়াও মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়া কিংবা ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে রাঙাপানি এলাকায় ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হতো। অতীতে ট্রেন দুর্ঘটনার সময় জরুরি পরিষেবার গাড়িগুলি আটকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল।
উড়ালপুল নির্মাণের শিলান্যাসের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। শিলান্যাস অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তা জানান, দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। তাঁর মতে, উড়ালপুল চালু হলে রাঙাপানি ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে এবং মানুষের নিত্যদিনের ভোগান্তি চিরতরে লাঘব হবে।





