আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফের তৃণমূলের অন্দরে সংঘাত! আচমকাই সাসপেন্ড ঋতব্রতদের এক্স হ্যান্ডল, অভিযোগের তির কালীঘাটের দিকে

Published on: November 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ নভেম্বরঃ নাম নিয়ে লড়াই, প্রতীক নিয়ে টানাপড়েনের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ধাক্কা খেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। আচমকাই সাসপেন্ড হয়ে গেল দলের এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট। সোমবার সকাল থেকে ‘AITCofficial26’ নামে ওই অ্যাকাউন্ট খুললেই ভেসে উঠছে ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’ বার্তা। কী কারণে এই পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়। তবে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ ঋতব্রতদের। যদিও সেই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে কালীঘাট শিবির। ফলে নির্বাচন কমিশনে দলের নাম ও প্রতীক নিয়ে লড়াইয়ের পাশাপাশি এবার ডিজিটাল মঞ্চেও নতুন করে সংঘাতের আবহ তৈরি হল।

একুশের নয়, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে দ্বিমুখী রাজনৈতিক সমীকরণ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। দু’পক্ষেরই দাবি, তারাই আসল তৃণমূল। দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘাসফুলের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে দুই শিবিরই।

এই লড়াইয়ে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে দুই পক্ষই কমিশনের কাছে বিপুল নথিপত্র জমা দিয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। এদিকে, তৃণমূলের পুরনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির নিয়ন্ত্রণ রয়েছে কালীঘাট শিবিরের হাতে। সেখানে ঋতব্রতদের কোনও প্রবেশাধিকার নেই বলে দাবি। সেই কারণেই নিজেদের পৃথক পরিচিতি তুলে ধরতে ‘AITCofficial26’ নামে নতুন এক্স হ্যান্ডল খুলেছিল গণতান্ত্রিক তৃণমূল।

কিন্তু সেই অ্যাকাউন্টও এবার সাসপেন্ড। ঋতব্রতদের অভিযোগ, মমতা শিবিরের তরফে রিপোর্ট করার ফলেই এক্স কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছে। যদিও কালীঘাটের নেতৃত্ব সেই অভিযোগ মানতে নারাজ।

সাধারণত সামাজিক মাধ্যমের নির্দিষ্ট নিয়ম লঙ্ঘনের অভিযোগে কোনও অ্যাকাউন্ট সাসপেন্ড করা হতে পারে। তবে ঠিক কোন নিয়ম ভাঙার কারণে ‘AITCofficial26’-এর বিরুদ্ধে এই পদক্ষেপ, তা এখনও জানা যায়নি। কোনও নির্দিষ্ট পোস্টকে কেন্দ্র করে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

দলের নাম, প্রতীক থেকে শুরু করে এবার সোশ্যাল মিডিয়ার পরিচিতি সব ক্ষেত্রেই মুখোমুখি দুই শিবির। রাজনৈতিক মহলের নজর, এই সংঘাতের জল শেষ পর্যন্ত কত দূর গড়ায়। আপাতত এক্স হ্যান্ডল সাসপেন্ড হওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের চাপানউতোর আরও এক দফা তীব্র হল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment