কোচবিহার, ২ এপ্রিলঃ প্রতি বছরের মতো এ বছরও রাজ আমলের প্রাচীন রীতি মেনে অনুষ্ঠিত হল মদনমোহন দেবের প্রায়শ্চিত্ত অনুষ্ঠান। এই ঐতিহ্যবাহী ধর্মীয় আচারকে ঘিরে কোচবিহার শহরে তৈরি হয় উৎসবের আবহ।
লোকবিশ্বাস অনুযায়ী, মদনকাম পুজোর সময় বা ভুলবশত নিষিদ্ধ কিছু গ্রহণ করে নেশাগ্রস্ত অবস্থায় আমিষ ভক্ষণ করলে মদনমোহন দেবকে পুনরায় পবিত্র করার জন্য ‘স্নান ও নৌকাবিহার’-এর বিধান রয়েছে। সেই প্রথা অনুসারেই প্রতি বছর বড় দেবীর পুজোর সঙ্গে যুক্ত এই বিশেষ আচার পালিত হয়।
এদিন বানেশ্বর, ষান্ডেশ্বর ও গুঞ্জবাড়ি থেকে অন্যান্য দেবদেবীর বিগ্রহও অনুষ্ঠানে যোগ দিতে আনা হয়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঢাকঢোল ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘দুয়ারে বকশি’ এই প্রথার সূচনা করেন। এরপর শোভাযাত্রার মাধ্যমে মদনমোহন দেবকে নিয়ে আসা হয় সাগরদিঘীতে।
সাগরদিঘীতে পবিত্র স্নান ও নৌকাবিহারের মাধ্যমে সম্পন্ন হয় প্রায়শ্চিত্ত অনুষ্ঠান। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বহু মানুষ এই ঐতিহ্যবাহী রীতি প্রত্যক্ষ করতে ভিড় জমান।
রাজ আমলের এই প্রাচীন প্রথা আজও সমান গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে, যা কোচবিহারের ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।





