দিনহাটা, ১৫ ফ্রব্রুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেঁয়াজবোঝাই লরি সোজা গিয়ে ঢুকে পড়ল একটি গাড়ির যন্ত্রাংশের দোকানের ভিতরে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের পুটিমারি স্কুল সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক ধরে কোচবিহার দিক থেকে দিনহাটার উদ্দেশ্যে আসছিল পেঁয়াজবোঝাই একটি লরি।
আনুমানিক ভোর পৌনে পাঁচটা নাগাদ চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি পুটিমারি স্কুলের কাছে একটি গাড়ির পার্টসের দোকানে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দোকানের সামনের অংশ ভেঙে যায় এবং লরিটি আংশিকভাবে দোকানের ভিতরে ঢুকে পড়ে।
ঘটনায় লরির চালক ও তাঁর সহকারী অল্পের জন্য রক্ষা পান। তাঁদের তেমন কোনও শারীরিক আঘাত লাগেনি বলে জানা গেছে। তবে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেতরে থাকা বহু মালপত্র নষ্ট হয়েছে বলে অভিযোগ।
এদিকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। শব্দ শুনে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন পেঁয়াজবোঝাই লরিটি দোকানের ভিতরে ঢুকে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু করেছে।





