উত্তর ২৪ পরগনা, ২৪ ডিসেম্বরঃ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরনগর। মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে বাগ্বিতণ্ডা হাতাহাতিতে গড়ালে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুরের অনুগামীদের সঙ্গে শান্তনু ঠাকুরের সমর্থকদের সংঘর্ষে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
এই অশান্তির সূত্রপাত হয় শান্তনু ঠাকুরের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে। বাগদায় এক সভায় তিনি সিএএ ও এসআইআর প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রের নীতিকে সমর্থন করতে গিয়ে যদি তাঁর সম্প্রদায়ের এক লক্ষ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হন, তবুও তা তিনি ‘লাভজনক’ বলেই মনে করেন। রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার প্রসঙ্গে করা এই মন্তব্য ঘিরে মতুয়া সমাজের মধ্যেই ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়।
এই মন্তব্যের প্রতিবাদে বুধবার শান্তনুর বাড়ি ঘেরাওয়ের ডাক দেন মমতাবালা ঠাকুর। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল শান্তনুর বাড়ির সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, শান্তনুর অনুগামীরা মিছিলকারীদের উপর চড়াও হন, ব্যানার কেড়ে নেওয়া হয় এবং মারধর করা হয়। যদিও পাল্টা অভিযোগে শান্তনুর সমর্থকরা বলেন, পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে এসেছিলেন বিক্ষোভকারীরা।
ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। মমতাবালা ঠাকুরের দাবি, মতুয়াদের প্রতিবাদের অধিকার রয়েছে এবং শান্তনুর মন্তব্যই এই বিক্ষোভের মূল কারণ। অন্যদিকে শান্তনু ঠাকুর তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যার অভিযোগ তুলে পুরো ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন।





