ময়নাগুড়ি, ১২ এপ্রিলঃ ভোটের আগে উত্তরবঙ্গে প্রচারে জোর বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -র সভার পর এবার ময়নাগুড়িতে জনসভা করতে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৪ এপ্রিল বিকেল ৩টায় ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি বাজার সংলগ্ন হাসপাতাল মাঠে এই সভা অনুষ্ঠিত হবে।
ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সভাকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। মঞ্চ তৈরির পাশাপাশি হেলিপ্যাড নির্মাণের কাজও দ্রুত গতিতে চলছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে খবর, এই কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই প্রচারের শুরু এবং গুরুত্বপূর্ণ সভাগুলির জন্য ময়নাগুড়িকেই বেছে নেওয়া হয়েছে। এর আগে এখান থেকেই নির্বাচনী প্রচারের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় নেতৃত্বের দাবি, আসন্ন সভাকে সফল করতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিব শঙ্কর দত্ত ও প্রার্থীর এজেন্ট ঝুনোল সান্যাল জানিয়েছেন, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সভায় অংশ নেবেন।
রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই আসনে জয়ের লক্ষ্যে বড়সড় শক্তি প্রদর্শন করতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যেই শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক সভার আয়োজন করা হচ্ছে।
সব মিলিয়ে, ১৪ এপ্রিলের এই জনসভা ঘিরে ময়নাগুড়িতে এখন থেকেই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। নির্বাচনের আগে এই সভা যে প্রচারে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।





