নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: প্রাথমিক শিক্ষার পরিকাঠামো থেকে শিক্ষক নিয়োগ, বদলি নীতি, স্বাস্থ্য প্রকল্প, এমনকি বিদ্যালয়ের সীমানা প্রাচীর একগুচ্ছ দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। রবিবার রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী দীপক কুমার বর্মনের হাতে ২৫ দফা দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেয় সংগঠনের কোচবিহার জেলা শাখা।
সংগঠনের সভাপতি তপন কুমার ভৌমিকের দাবি, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় পরিকাঠামোগত ও প্রশাসনিক নানা ঘাটতি রয়ে গিয়েছে। নতুন সরকারের কাছে সেই সমস্যাগুলির দ্রুত সমাধান চেয়েছেন তাঁরা। স্মারকলিপিতে প্রাথমিক শিক্ষা সংসদের পুনর্গঠন, শিক্ষক প্রতিনিধি নির্বাচন, প্রতিটি শ্রেণির জন্য পৃথক শিক্ষক ও শ্রেণিকক্ষ, পানীয় জল ও শৌচালয়ের উন্নত ব্যবস্থা, বিদ্যালয়ে নিয়মিত পরিদর্শন এবং সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানানো হয়েছে।
এছাড়া স্বচ্ছ বদলি নীতি, রাজনৈতিক কারণে বদলিকৃত শিক্ষকদের আগের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, পুরনো ও নতুন শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা, পশ্চিমবঙ্গ হেল্থ স্কিমের আওতায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করা এবং শিক্ষা-বহির্ভূত কাজ থেকে শিক্ষকদের অব্যাহতি দেওয়ার দাবিও রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার, ব্রডব্যান্ড, সৌরবিদ্যুৎ এবং চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষাব্যবস্থায় ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন। পাশাপাশি, অতীতের আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবিও তোলা হয়েছে।
দাবির তালিকা দীর্ঘ। এখন নজর, নতুন শিক্ষা দফতর কতগুলি দাবি বাস্তবায়নের পথে এগোয়। কারণ, সেই সিদ্ধান্তই আগামী দিনে রাজ্যের প্রাথমিক শিক্ষার দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।





