খবরিয়া ২৪ ডেস্ক, ১১ মার্চঃ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের জেরে এবার প্রভাব পড়তে শুরু করেছে শহরের পরিবহণ ব্যবস্থায়। বিশেষ করে কলকাতা ও শহরতলি এলাকায় অটোচালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। গ্যাসের দাম বাড়ার পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিভিন্ন এলপিজি পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফলে গ্যাস সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের।
শহরের বিভিন্ন অটো এলপিজি ফিলিং স্টেশনে বুধবার থেকে নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে। আগে প্রতি লিটার গ্যাসের দাম ছিল ৫৭.৬৮ টাকা, যা বেড়ে এখন দাঁড়িয়েছে ৬২.৬৮ টাকায়। অর্থাৎ লিটার প্রতি প্রায় পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে। এমনিতেই শহরে অটো এলপিজি পাম্পের সংখ্যা কম। তার উপর সরবরাহ সংকট তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
চালকদের অভিযোগ, অনেক সময় কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অন্য পাম্পে যেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আবার কাটা গ্যাসের দোকান থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে তাদের। ফলে অতিরিক্ত খরচ সামাল দিতে অনেক অটোচালকই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন রুটে কোথাও ৫ টাকা, আবার কোথাও ১০ টাকা বা তারও বেশি ভাড়া দাবি করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে অটোভাড়া বৃদ্ধির ঘোষণা হয়নি, তবুও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে ক্ষোভ বাড়ছে নিত্যযাত্রীদের মধ্যে। প্রতিদিন যাতায়াতের জন্য অটোর উপর নির্ভরশীল বহু মানুষ এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন।
শুধু পরিবহণই নয়, গ্যাসের এই সংকটের প্রভাব পড়েছে হোটেল ও রেস্তোরাঁ শিল্পেও। ছোট ছোট পাইস হোটেল থেকে শুরু করে শহরের নামী রেস্তোরাঁগুলিও গ্যাসের অভাবে সমস্যার মুখে পড়েছে। অনেক জায়গায় রান্নার কাজ ব্যাহত হচ্ছে বলেও জানা গেছে। সব মিলিয়ে গ্যাসের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট শহরের নিত্যদিনের জীবনযাত্রায় নতুন করে চাপ তৈরি করেছে।





