আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সকালেই তুলার গোডাউনে আগুন, দমকলের ২ ইঞ্জিনে নিয়ন্ত্রণে দিনহাটায়

Published on: September 1, 2026
---Advertisement---

দিনহাটা, ১ সেপ্টেম্বর: সকাল তখন সবে আটটা। আচমকাই বাড়ির পিছনে থাকা তুলার গোডাউন থেকে দেখা গেল ধোঁয়া। মুহূর্তের মধ্যে ধোঁয়া বদলে গেল আগুনের লেলিহান শিখায়। তুলার মতো দাহ্য সামগ্রী মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের তৎপরতায় প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু হলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝে খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটেছে দিনহাটা-১ ব্লকের বড়নাচিনা পশ্চিম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় সাবেদুল হক নামে এক ব্যক্তির বাড়ির পিছনে একটি তুলার গোডাউন ছিল। মঙ্গলবার সকাল আটটা নাগাদ আচমকাই সেখানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তুলা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি।

আগুন দেখতে পেয়েই আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। নিজেদের মতো করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তাঁরা। কিন্তু গোডাউনে বিপুল পরিমাণ তুলা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই প্রথম একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও একটি ইঞ্জিন আসে। দু’টি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

গোডাউন মালিক সাবেদুল হক জানান, কী ভাবে আগুন লাগল, তা তাঁর জানা নেই। আগুন লাগার কারণ নিয়ে আপাতত ধোঁয়াশা রয়েছে। তবে ঘটনায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা সোয়েব আক্তার বলেন, আচমকাই পাশের বাড়ির তুলার গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। তাঁর কথায়, প্রথমে একটি ইঞ্জিন এলেও পরে আরও একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গোডাউনের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। একই সঙ্গে ভিতরে মজুত থাকা তুলারও ক্ষতি হয়েছে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। সকালে জনবসতিপূর্ণ এলাকায় তুলার গোডাউনে আগুনের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment