কলকাতা, ৭ এপ্রিলঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। এবার পোলিং এজেন্টদের বসার জায়গা নিয়ে প্রথা ভাঙার ভাবনা শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর, বুথের ভিতরে নয়, বরং বুথের বাইরে বসতে হতে পারে রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্টদের।
বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিটি বুথে সংশ্লিষ্ট প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট থাকতে পারেন এবং তাঁরা বুথের ভিতরেই বসে কাজ করেন। এই এজেন্টরা মূলত রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে ভোটার তালিকা মিলিয়ে দেখা, ভোটারদের পরিচয় যাচাইয়ে সহায়তা করা এবং প্রিসাইডিং অফিসারদের কাজে সহযোগিতা করেন।
তবে কমিশনের অন্দরে এখন আলোচনা চলছে, এই ব্যবস্থায় পরিবর্তন আনা যায় কি না। আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে এই ধরনের নিয়ম আগে থেকে বিদ্যমান আছে কি না, অথবা নতুন করে তা কার্যকর করা সম্ভব কি না। যদি সবুজ সংকেত মেলে, তাহলে ছাব্বিশের নির্বাচনে পোলিং এজেন্টদের বুথের বাইরে বসার নির্দেশ জারি হতে পারে।
নির্বাচন কমিশনের মতে, এই পদক্ষেপের লক্ষ্য ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করা। ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যে প্রায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে বদলি এবং পুলিশ অফিসারদের সরানো নিয়েও বিস্তর আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে পোলিং এজেন্টদের ভূমিকা ও অবস্থান নিয়েও নতুন করে ভাবনা শুরু করেছে কমিশন। যদিও পুরো বিষয়টি এখনও প্রাথমিক আলোচনা স্তরেই রয়েছে বলে জানা গিয়েছে।রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তন কার্যকর হলে ভোট পরিচালনার পদ্ধতিতে বড়সড় বদল আসতে পারে। তবে শেষ পর্যন্ত কমিশন কী সিদ্ধান্ত নেয়, তার দিকেই এখন নজর সবার।





