জম্মু ও কাশ্মীর, ৩ অক্টোবরঃ লেবার রুমে বোরখা পরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জম্মু ও কাশ্মীরের ডোডার একটি সরকারি হাসপাতালে। নার্সিং ছাত্রীদের একাংশের অভিযোগ, পোশাকের কারণে তাঁদের লেবার রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন নার্স ও নার্সিং ছাত্রীরা। কর্মবিরতির খবরও সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপের পাশাপাশি শুরু হয়েছে তদন্ত।
ঘটনার সূত্রপাত বুধবার। অভিযোগ, লেবার রুমে বোরখা পরে প্রবেশ করায় এক নার্সিং ছাত্রীকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন স্ত্রীরোগ বিভাগের প্রধান চিকিৎসক মধু চিবের। এর পরেই ক্ষোভ ছড়ায় নার্সিং ছাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার আরও দু’জন ছাত্রীকে একই কারণে লেবার রুমের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
এক নার্সিং ছাত্রীর দাবি, বিষয়টি তাঁদের কাছে শুধু পোশাকের প্রশ্ন নয়, ধর্মীয় স্বাধীনতার সঙ্গেও যুক্ত। ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান নার্স ও ছাত্রীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে উঠে এসেছে অন্য ব্যাখ্যা। ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ইরফান তাসাদুক জানিয়েছেন, স্ত্রীরোগ বিভাগের প্রধান নার্সিং ছাত্রীদের বোরখা খুলতে বলেননি। বরং লেবার রুম ও অপারেশন থিয়েটারের নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে ঢিলেঢালা পোশাক ঠিক করে তার উপর নির্ধারিত গাউন পরার কথা বলা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি, সংক্রমণের ঝুঁকি কমাতে লেবার রুমের মতো সংবেদনশীল জায়গায় চিকিৎসক-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীকেই নির্দিষ্ট পোশাকবিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়।
দুই পক্ষের বক্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই ঘটনার তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগটি আদৌ ধর্মীয় পোশাকে হস্তক্ষেপ, নাকি লেবার রুমের সংক্রমণ নিয়ন্ত্রণ ও পোশাকবিধি সংক্রান্ত নির্দেশ তদন্তে সেই প্রশ্নই খতিয়ে দেখা হবে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তানভির সাদিকের বক্তব্য, ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত এবং কোনও নারীর হিজাব বা বোরখা পরার সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত বিষয়। ফলে হাসপাতালের প্রশাসনিক নিয়ম এবং ব্যক্তিগত ধর্মীয় অধিকারের সীমারেখা দুইয়ের মধ্যে ভারসাম্য নিয়েই এখন নজর তদন্তের ফলাফলের দিকে।





