নয়াদিল্লি, ৩ অক্টোবরঃ ২ অক্টোবরের বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই ফের দিল্লির পথে যাওয়ার ডাক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (CJP)। শুক্রবার মুম্বই ও দিল্লিতে বিক্ষোভের পর রাতেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন দলের আহ্বায়ক অভিজিৎ দীপকে।
অভিজিৎ তাঁর পোস্টে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা দিল্লিতে এসে যন্তর মন্তরে বিক্ষোভ করবেন। দিল্লি পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে, যেখানে আটকানো হবে, সেখানেই বিক্ষোভ চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ রাখার কথা জানিয়েছেন CJP আহ্বায়ক। তাঁর দাবি, আন্দোলন হবে মহাত্মা গান্ধীর দেখানো অহিংসার পথে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বিগ্ন নাগরিকদেরও এতে যোগ দেওয়া উচিত।
শুক্রবারই দিল্লির যন্তর মন্তরকে কেন্দ্র করে একাধিক সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের একাংশ সেখানে পৌঁছন। পুলিশ একাধিক বিক্ষোভকারীকে আটক করে। বিভিন্ন প্রতিবেদনে আটক ব্যক্তির সংখ্যা ৫০০ থেকে ৭০০-র বেশি বলে উল্লেখ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন আপ নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী, সঞ্জয় সিং-সহ একাধিক রাজনৈতিক নেতা ও ছাত্র সংগঠনের কর্মী।
অন্য দিকে, একই দিনে মুম্বইয়ের শিবাজি পার্কেও CJP-র ডাকে জমায়েত হয়। সেখানে পুলিশি অনুমতি নিয়ে টানাপোড়েনের মধ্যেই বিক্ষোভকারীরা জড়ো হন। জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। মুম্বইয়ের কর্মসূচিতে কয়েক জন চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের পরিচিত মুখের উপস্থিতিও নজর কেড়েছে।
এবার নজর ১০ অক্টোবরের দিকে। CJP-র ঘোষিত কর্মসূচিতে কতটা জমায়েত হয়, দিল্লি পুলিশ অনুমতি দেয় কি না এবং প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের অবস্থান কী হয় তা নিয়েই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। তবে আপাতত CJP-র বার্তা স্পষ্ট জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির পথে নামার প্রস্তুতি নিচ্ছে তারা।





