কোচবিহার, ২৩ নভেম্বরঃ দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ। চান্দামারি থেকে কোচবিহার পর্যন্ত চালু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) সরকারি বাস পরিষেবা। মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যে এলাকার বাসিন্দাদের দাবি বাস্তবায়িত হওয়ায় খুশির হাওয়া চান্দামারি ও পার্শ্ববর্তী এলাকায়। নতুন এই পরিষেবা চালু হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, কয়েক দিন আগে চান্দামারি এলাকায় গিয়েছিলেন বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসু। সেই সময় তাঁর কাছে এলাকার কয়েক জন বাসিন্দা চান্দামারি থেকে কোচবিহার পর্যন্ত সরকারি বাস চালুর দাবি জানান। তাঁদের বক্তব্য ছিল, প্রতিদিন নানা কাজে কোচবিহার শহরে যেতে হয়। ছাত্রছাত্রী, চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকে যাতায়াতের জন্য নানা সমস্যার মুখে পড়তে হয়। তাই এলাকায় সরকারি বাস পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন।
বাসিন্দাদের সেই আবেদনে সাড়া দিয়ে উদ্যোগী হন স্পিকার। NBSTC-র আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস চালুর ব্যবস্থা করেন তিনি। প্রশাসনিক তৎপরতায় মাত্র ১০-১২ দিনের মধ্যেই বাস্তবায়িত হয় দীর্ঘদিনের দাবি।
এ দিন নতুন বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন রথীন্দ্র বসু। উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় অন্য রকম ছবি। ফিতে কেটে কিংবা শুধু সবুজ পতাকা দেখিয়ে নয়, নিজেই বাসের টিকিট কেটে তাতে উঠে পরিষেবার সূচনা করেন বিধানসভার স্পিকার। তাঁর এই উদ্যোগ ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়।
এলাকাবাসীদের মতে, এই বাস পরিষেবা চালু হওয়ায় বিশেষ ভাবে উপকৃত হবেন স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং প্রতিদিন কোচবিহার শহরে যাতায়াতকারী নিত্যযাত্রীরা। সরকারি বাস থাকায় যাতায়াত আরও সুবিধাজনক হবে বলেও মনে করছেন তাঁরা।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, জনপ্রতিনিধির কাছে আবেদন এবং দ্রুত প্রশাসনিক উদ্যোগ এই তিনের সমন্বয়ে চান্দামারিতে চালু হল নতুন সরকারি বাস পরিষেবা। এবার নিয়মিত ও নিরবচ্ছিন্ন ভাবে বাস চলাচল বজায় থাকে কি না, সেদিকেই নজর বাসিন্দাদের।





