শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের আড়ালে কোটি কোটি টাকার আন্তর্জাতিক লেনদেন! আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণামূলক কারবার চালানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে এই চক্রের শিকড় খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ অর্থ কোথায় এবং কী উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল, তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিষ্ণু দর্নাল (৪৫) এবং এমডি মাজিদুল (৩০)। বিষ্ণু দার্জিলিং জেলার খড়িবাড়ির বাসিন্দা হলেও মাটিগাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। অন্য দিকে, মাজিদুল নকশালবাড়ি এলাকার বাসিন্দা।
একটি সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেন আধিকারিকেরা। তদন্তের সূত্র ধরেই চলতি মাসের ১৯ তারিখ বিষ্ণু দর্নালকে গ্রেফতার করা হয়। আদালতে পেশের পর তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেই জেরাতেই উঠে আসে মাজিদুলের নাম। পরে তাকেও গ্রেফতার করেন তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের জন্য প্রলোভন দেখাত অভিযুক্তরা। অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে দেওয়ার বিনিময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত বলে অভিযোগ। পাশাপাশি, নিজেদের নামেও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হত বলে তদন্তে উঠে এসেছে।
সোমবার দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। মাজিদুলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী দল।
এই বিপুল অর্থের উৎস কী? কোন কোন দেশ থেকে টাকা আসত? এর পিছনে কি কোনও আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র কাজ করছে? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অভিযুক্তদের সঙ্গে আরও কারা যুক্ত, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত যত এগোবে, ততই এই আর্থিক লেনদেনের জাল সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।





