আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুজো মানেই ঘরে ফেরা, পুরনো বন্ধু আর নস্টালজিয়া-শিলিগুড়ির অরিজিতের গানে ফিরছে পুজোর সেই সোনালি দিন

Published on: October 3, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ  পুজো মানেই শুধু নতুন জামাকাপড়, মণ্ডপ আর ভোগের গন্ধ নয়। এক সময় দুর্গাপুজোর আবহ তৈরি হত নতুন পুজোর গানেও। পুজোর আগে প্রিয় শিল্পীর নতুন অ্যালবামের অপেক্ষা, ক্যাসেট বা সিডি হাতে পাওয়ার উন্মাদনা বাঙালির উৎসবের সেই স্মৃতির অনেকটাই এখন ডিজিটাল দুনিয়ার ভিড়ে হারিয়ে গিয়েছে। সেই নস্টালজিয়াকেই নতুন করে ছুঁতে চলেছেন শিলিগুড়ির তরুণ সংগীতশিল্পী অরিজিৎ পাল।

পুজোর ঘরে ফেরার টান, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা এবং ফেলে আসা দিনের স্মৃতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘ফিরে ফিরে আসে দুর্গা মা’। আগামী ১০ অক্টোবর অরিজিতের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হবে গানটি।

গানের গল্পের কেন্দ্র শিলিগুড়ি শহর। কাজের সূত্রে বছরের বেশির ভাগ সময় শহরের বাইরে থাকা মানুষগুলির কাছে পুজো যেন ফিরে আসার অজুহাত। ব্যস্ত জীবনে যাঁদের সঙ্গে নিয়মিত দেখা হয় না, পুজোর কয়েকটা দিন তাঁদের আবার একই আড্ডায় বসিয়ে দেয়। চেনা রাস্তায় হাঁটা, পুরনো আড্ডার জায়গায় ফিরে যাওয়া কিংবা একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পড়া সেই পরিচিত মুহূর্তগুলিই উঠে এসেছে মিউজিক ভিডিওতে।

গানটির কথা, সুর ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই প্রথম ভিডিও পরিচালনার দায়িত্বও নিয়েছেন অরিজিৎ নিজেই। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন অর্কদীপ আচার্য্য, সৌরভী সরকার এবং জয়া দে। অভিনয়ে রয়েছেন রূপক ঘোষ, সুমি সাহা, সুদীপা সরকার, রানা ঘোষ, অভয় পাল ও প্রীতি সরকার। চিত্রগ্রহণে বিশ্বজিৎ কুন্ডু, প্রোডাকশনে শুভম বর্ধন এবং সম্পাদনা ও চিত্রনাট্যে সাহেল ঘোষ। গল্পের পরিকল্পনা ও নির্মাণেও অরিজিতের সঙ্গে কাজ করেছেন সাহেল।

অরিজিতের কথায়, ২০২১ সাল থেকেই পুজোকে ঘিরে নতুন কিছু করার চেষ্টা করছেন তাঁরা। ২০২৩ ও ২০২৪ সালে প্রেমের গান প্রকাশের পর এ বার বিষয় হিসেবে এসেছে বন্ধুত্ব এবং ঘরে ফেরার আবেগ। তাঁর দাবি, পুজোর গানের যে সংস্কৃতি এক সময় বাঙালির উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল, তা উত্তরবঙ্গে ক্রমশ কমে আসছে। নিজেদের উদ্যোগ ও পরিশ্রমে সেই ধারাটিকেই ফেরানোর চেষ্টা করছেন তাঁরা।

সৌরভী ও জয়া জানিয়েছেন, দীর্ঘদিন সংগীতচর্চার সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথম পুজোর গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। বন্ধুদের আড্ডা থেকেই যে ভাবনার শুরু, সেটিই ধীরে ধীরে রূপ নিয়েছে পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওতে।

অর্থাৎ, নতুন গান হলেও তার ভিতরে পুরনো দিনের গন্ধ। হয়তো সেই কারণেই অরিজিতের ‘ফিরে ফিরে আসে দুর্গা মা’ শুধু একটি পুজোর গান নয় কারও কাছে শৈশবে ফেরার পথ, কারও কাছে হারিয়ে যাওয়া বন্ধুত্বের স্মৃতি, আবার কারও কাছে নিজের শহরে ফিরে আসার গল্প।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment