খবরিয়া ২৪ ডেস্ক, ৭ এপ্রিলঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফাকে সামনে রেখে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে মাঠে নামছে ভারতীয় জাতীয় কংগ্রেস। সোমবার দলের পক্ষ থেকে ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় জাতীয় স্তরের একাধিক হেভিওয়েট নেতার নাম থাকায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর পরেই জায়গা পেয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। উল্লেখযোগ্যভাবে, গত লোকসভা নির্বাচনের আগে এঁরা বাংলায় সক্রিয়ভাবে প্রচারে নামেননি। কিন্তু এবারের বিধানসভা ভোটে তাঁদের অন্তর্ভুক্তি কংগ্রেসের আগ্রাসী কৌশলেরই ইঙ্গিত দিচ্ছে।
তালিকায় আরও রয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কেসি বেণুগোপাল, রণদীপ সিং সুরজেওয়ালা, অশোক গেহলট, শশী থারুর, সলমন খুরশিদ, কানহাইয়া কুমার এবং মহম্মদ আজহারউদ্দিন প্রমুখ। পাশাপাশি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু-র নামও তালিকায় রাখা হয়েছে।
বাংলার নেতাদের মধ্যেও কয়েকজন গুরুত্বপূর্ণ মুখকে জায়গা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ইশা খান চৌধুরী এবং অধীররঞ্জন চৌধুরী। তবে তালিকায় ভিনরাজ্যের নেতাদের প্রাধান্য বেশি বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি নিজেদের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। সেই প্রেক্ষিতে কংগ্রেসও হেভিওয়েট নেতাদের নামিয়ে লড়াইয়ে টিকে থাকার বার্তা দিতে চাইছে। এবার দেখার, এই তারকা প্রচারকদের ময়দানে নামানো কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে।





