ধূপগুড়ি, ২৩ এপ্রিলঃ গণতন্ত্রের উৎসবে এবার সামিল হলেন বৃহন্নল সম্প্রদায়ের মানুষজন। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাসে ভাসলেন তাঁরা। ধূপগুড়ি বিধানসভার ধূপগুড়ি উচ্চতর বিদ্যালয়ে এদিন তাঁদের ভোটদান ঘিরে নজরকাড়া ছবি সামনে আসে।
বৃহস্পতিবার, রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। সেই লাইনে অন্যান্য ভোটারদের সঙ্গে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় বৃহন্নলদেরও। জীবনের এই প্রথম ভোট দিতে পেরে তাঁরা যে কতটা খুশি, তা স্পষ্ট তাঁদের কথায়।
ভোট দিয়ে বেরিয়ে এসে বৃহন্নলদের একাংশ জানান, ধূপগুড়ি পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তত ছয়জন এদিন প্রথমবার ভোট দিয়েছেন। তাঁদের কথায়, “এতদিন আমরা ভোট দিইনি, কিন্তু বর্তমানে সরকারের বিভিন্ন আইনি স্বীকৃতির ফলে এবার প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেলাম।”
তাঁরা আরও জানান, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিতে পেরে তাঁরা স্বস্তি বোধ করছেন। ভোটের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে নিজেদের অধিকার প্রতিষ্ঠার অনুভূতি পেয়েছেন বলেও জানান তাঁরা।
এই ঘটনা শুধু ভোটগ্রহণের একটি মুহূর্ত নয়, বরং সমাজের মূলধারায় অন্তর্ভুক্তির এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলেই মনে করছেন অনেকেই। গণতন্ত্রের এই উৎসবে সকলের অংশগ্রহণই যে প্রকৃত শক্তি, তা আবারও প্রমাণিত হল ধূপগুড়ির এই ছবিতে।





