জলপাইগুড়ি, ১৩ এপ্রিল : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক পালাবদল চলছেই।এবার ওই পালাবদলের চিত্র সামনে এল বানারহাট ব্লকের শালবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। চানাডিপা ও দক্ষিণ শালবাড়ি এলাকার সাতটি পরিবারের মোট ৩০ জন ভোটার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
জানা যায়, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে ওই যোগদান শিবির অনুষ্ঠিত হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বানারহাট পঞ্চায়েত সমিতির সদস্য অরবিন্দ রায় সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। যোগদানকারী নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন আলতাফ হোসেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে আলতাফ হোসেন বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে সবাইকে একজোট হতে হবে। অন্যদিকে নতুন যোগদানকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সহায়তার কারণে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ভবিষ্যতেও দলের পাশে থাকার অঙ্গীকারও করেন তারা।





