খবরিয়া ২৪ ডেস্ক, ৩০ ডিসেম্বরঃ বঙ্গ বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগেই ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা থেকে নাম না করে অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
এদিন অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের তীব্র জবাব দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয় ? কাশ্মীরে হয় না ?” এরপরই তিনি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে বলেন, “পহেলগাঁও হামলা কে করল? দিল্লির বিস্ফোরণ কে করল ? আপনারাই করলেন?” তাঁর কটাক্ষ, সব দোষ বাংলার ঘাড়ে চাপানো হচ্ছে কেন এই প্রশ্নই তুলেছেন প্রশাসনিক প্রধান।
এদিন সকালে কলকাতায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহ অভিযোগ করেন, সীমান্তে কাঁটাতার বসাতে রাজ্য সরকার জমি দিচ্ছে না। সেই অভিযোগও সরাসরি খণ্ডন করেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার সভা থেকে মমতা বলেন, “জমি না দিলে তারকেশ্বর–বিষ্ণুপুর রেললাইন কে করল ? ইসিএলের জমি কয়লা তোলার জন্য কোথা থেকে এল ?” তিনি আরও জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে বনগাঁ, পেট্রাপোল, ঘোজাডাঙা, চ্যাংরাবান্ধায় জমি দেওয়া হয়েছে। এমনকি অন্ডাল বিমানবন্দর ও পানাগড়েও রাজ্য সরকার জমি দিয়েছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, অমিত শাহ এদিন বলেন, “বাংলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ শুধু রাজ্যের সমস্যা নয়, দেশের নিরাপত্তার প্রশ্ন। বাংলায় মজবুত সরকার এলে অনুপ্রবেশ বন্ধ হবে।” সেই মন্তব্যের পালটা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, ভোটের মুখে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হতে চলেছে।





