খবরিয়া ২৪ ডেস্ক, ২৩ ডিসেম্বর: আদিত্য ধরের পরিচালনায় তৈরি ‘ধুরন্ধর’ একের পর এক নজির গড়ে বক্স অফিসে দাপট বজায় রেখেছে। মুক্তির পর থেকেই ছবিটি শুধু ভারতের প্রেক্ষাগৃহেই নয়, বিশ্বজুড়েও বিপুল সাড়া ফেলেছে। সম্প্রতি ভারতের সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেওয়ার পর এবার বিশ্বব্যাপী আয়ের নিরিখে ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’-কে টপকে গেল ‘ধুরন্ধর’।
স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী মোট ৮৭২.২৫ কোটি টাকা আয় করেছে। একই সময়ে ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর বিশ্বব্যাপী সংগ্রহ ছিল ৮৫২ কোটি টাকা। এর ফলে ২০২৫ সালের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় চলচ্চিত্রের তকমা এখন ‘ধুরন্ধর’-এর দখলে।
ভারতের বক্স অফিসেও ছবিটির পারফরম্যান্স নজরকাড়া। সোমবার ছবিটি ১৬ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত ‘ধুরন্ধর’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৭১ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, মুক্তির প্রথম সোমবার ছবিটি আয় করেছিল ২৩.৫ কোটি টাকা এবং দ্বিতীয় শুক্রবার আয় ছিল ৩০ কোটি টাকা, যা ছবিটির শক্তিশালী বাজার ধরার ইঙ্গিত দেয়।
এর আগেই রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-কে পিছনে ফেলে ভারতের শীর্ষ ১০ সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকায় দশম স্থানে জায়গা করে নেয় ‘ধুরন্ধর’। এই তালিকায় রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘আরআরআর’, ‘কাল্কি ২৮৯৮ এডি’, ‘জওয়ান’, ‘কান্তারা চ্যাপ্টার ১’, ‘ছাবা’, ‘স্ত্রী ২’ এবং ‘ধুরন্ধর’।
৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি এখনও প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, বছরের শেষভাগেও ছবিটি শক্ত অবস্থান ধরে রাখবে। ‘ধুরন্ধর’-এ অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। জানা গেছে, ছবিটির দ্বিতীয় পর্ব ২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা।





