খবরিয়া ২৪ ডেস্ক, ৭ জানুয়ারিঃ শিলিগুড়ি মহকুমার বিধাননগরে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিধাননগর শাখায় ভয়াবহ দুর্ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হলেন শিশুসহ পাঁচজন। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীকে। ধৃতের নাম মানিক রায়। মঙ্গলবার এই ঘটনা ঘিরে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ব্যাঙ্কের ভিতরে গ্রাহকরা টাকা তোলা ও জমা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় আচমকাই নিরাপত্তারক্ষী মানিক রায়ের হাতে থাকা বন্দুক মাটিতে পড়ে যায়। বন্দুকটি পড়ার সঙ্গে সঙ্গেই গুলি চলে যায়। সেই গুলিতেই ব্যাঙ্কের ভিতরে থাকা এক শিশুসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়ে জখম হন।
হঠাৎ বিকট শব্দ ও মানুষের চিৎকারে ব্যাঙ্ক চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে বিধাননগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও নকশালবাড়ি সৌমজিৎ রায়, সিআই নকশালবাড়ি সৈকত ভদ্র, ফাঁসিদেওয়া থানার ওসি চিরঞ্জিত ঘোষ, বিধাননগর থানার ওসি প্রীতম লামা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ প্রথমে নিরাপত্তারক্ষী মানিক রায়কে আটক করে এবং পরে মঙ্গলবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ সহ সমস্ত প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, বন্দুকের নিরাপত্তা ব্যবস্থা ঠিক ছিল কি না—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর ব্যাঙ্কের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।





