কোচবিহার, ২১ এপ্রিলঃ ভোট প্রচারের শেষ দিনেই কার্যত ঝড় তুললেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। সকাল আটটা থেকেই শুরু হয় তাঁর ম্যারাথন প্রচার কর্মসূচি, যা দিনভর একের পর এক জনসংযোগ, র্যালি, পথসভা এবং মহামিছিলের মধ্য দিয়ে এগিয়ে চলে। শেষ মুহূর্তে ভোটারদের কাছে পৌঁছাতে কোনও খামতি রাখতে চাননি তিনি।
দিনের শুরুতেই ঘুঘুমারি বাজারে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রচার শুরু করেন অভিজিৎ। এরপর তিনি পৌঁছান হারিভাঙা নাককাটি বাজারে, যেখানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। পরবর্তী পর্যায়ে ময়ামারি দুমুখা বাজারে একটি র্যালিতে অংশ নেন তিনি। একইসঙ্গে আবার হারিভাঙা নাককাটি বাজার এলাকাতেও পথসভা করে সমর্থন আদায়ের চেষ্টা চালান।
ক্রমশ তাঁর প্রচারের বিস্তার ঘটে কোচবিহার পৌরসভার ওয়ার্ড নং–৩ অমরতলা চৌপথি, এরপর চন্দামারি বাজার এবং কোচবিহার মিউনিসিপ্যালিটি এলাকায় মিছিল করেন। প্রতিটি জায়গাতেই দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোচবিহার পৌরসভার ওয়ার্ড নং–৮, এনএন রোডের উত্তরায়ণ বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত পথসভাতেও ব্যাপক সাড়া মেলে। এরপর তিনি আবার চন্দামারি বাজার এবং ফালিমারি এলাজানকুঠি প্রাইমারি স্কুল এলাকায় পৌঁছে জনসংযোগ করেন।
পুটিমারি–ফুলেশ্বরী দেওরাহাট বাজার, ঘুঘুমারি ওল্ড টাপুরহাট এবং ঘুঘুমারি পাল পাড়া এই সমস্ত এলাকাতেও তিনি র্যালি ও পথসভায় অংশ নেন। প্রতিটি জায়গাতেই ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। দিন শেষে ময়ামারি ময়নাগুড়ি চৌপথিতে একটি বড় র্যালির মাধ্যমে তাঁর প্রচার পর্ব শেষ হয়।
প্রচারের শেষ দিনে অভিজিৎ দে ভৌমিকের এই ব্যস্ত কর্মসূচি তৃণমূল শিবিরে নতুন উদ্দীপনা জোগায়। কর্মী-সমর্থকদের মতে, এই বিপুল জনসমর্থনই আগামী নির্বাচনে জয়ের পথ সুগম করবে। অন্যদিকে, বিরোধী শিবিরও শেষ মুহূর্তে নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত, ফলে কোচবিহার দক্ষিণে লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা স্পষ্ট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ দিনের এই জোরদার প্রচার ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন দেখার, ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয় এই জনসংযোগ ও প্রচারের জোয়ার।





