কোচবিহার, ২৫ নভেম্বরঃ কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধন করতে আজ কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোচবিহার বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে সরাসরি চলে যাবেন ল্যান্সডাউন হলে। সেখানে রাজবংশী সম্প্রদায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
এরপর ল্যান্সডাউন হল থেকে মুখ্যমন্ত্রী যাবেন কোচবিহার রাজবাড়িতে। রাজবাড়ি থেকে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পৌঁছবেন মদনমোহন বাড়িতে। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি রাজচক্র ঘোরানোর পর তিনি যাবেন রাসমেলা ময়দানে। সেখানেই আনুষ্ঠানিকভাবে রাসমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কোচবিহার শহর। তাঁর যাতায়াতের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় রাখা হয়েছে কড়া নজরদারি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রঙিন সাজে সাজিয়ে তোলা হয়েছে কোচবিহার শহরকে। মঙ্গলবারই রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলাশাসক। আর বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে হতে চলেছে রাসমেলার মূল উদ্বোধন। শহরজুড়ে এখন মুখ্যমন্ত্রীর সফর এবং রাসমেলাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে।




