মনিরুল হক, কোচবিহারঃ উত্তরবঙ্গের রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষের জমির অধিকার এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্নকে সামনে রেখে কোচবিহারে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জমি হাতছাড়া হওয়ার জন্য সরাসরি প্রাক্তন বাম সরকারকে কাঠগড়ায় তুলে তাঁর অভিযোগ, ভূমি সংস্কার ও বর্গা আইন কার্যকর করার আড়ালে মূলনিবাসীদের জমি অন্যদের হাতে তুলে দেওয়া হয়েছিল। যদিও অতীতের সেই জমি ফেরানো এখন কঠিন, তবে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের উন্নয়ন এবং সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন শুভেন্দু। তার আগে রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। দীর্ঘ আলোচনায় উঠে আসে জমির অধিকার, ভাষার স্বীকৃতি, শিক্ষা ও সংস্কৃতির প্রসঙ্গ। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, শিল্পীদের আর্থিক সহায়তা এবং হেরিটেজ কমিশন গঠনের দাবিও জানানো হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁদের দীর্ঘদিনের অভাব-অভিযোগ এবং প্রত্যাশার কথা তুলে ধরেছেন। সেই বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
বৈঠকে জমির মালিকানা হারানোর প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এক সময় যে জমির মালিকানা রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষের হাতে ছিল, বর্তমানে তার অনেকটাই তাঁদের হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতির জন্য সিপিএমের ভূমি সংস্কার নীতিকে দায়ী করে তিনি বলেন, ‘‘বর্গা ও ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মূলনিবাসীদের জমি কেড়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার কাজ করেছিল সিপিএম। এখন তো সেগুলি ঠিক করা যাবে না। কিন্তু পরবর্তী সময়ে যা করার, অবশ্যই করব।’’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে জমির মালিকানা, জনবিন্যাস এবং ভূমিপুত্রদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংগঠন সরব। সেই আবহে কোচবিহারে দাঁড়িয়ে বাম আমলের ভূমি সংস্কারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁর এই অভিযোগ নিয়ে এদিন বাম শিবিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুধু জমির অধিকার নয়, রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতির বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবির পাশাপাশি সংকল্পপত্রে উল্লিখিত সমস্ত প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন শুভেন্দু। এ প্রসঙ্গে তিনি জানান, বিষয়গুলি নিয়ে কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। গত ১৯ তারিখ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়াও রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের স্কুলগুলির জন্য অর্থ বরাদ্দ, হেরিটেজ কমিশন গঠন, লোকশিল্পীদের ভাতা এবং ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার মতো বিষয়গুলি নিয়ে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে রাস উৎসবের উদ্বোধন ঘিরে কোচবিহারে এসে উত্তরবঙ্গের একাধিক দীর্ঘদিনের দাবি ও রাজনৈতিক বিতর্ককে সামনে আনলেন শুভেন্দু। এখন নজর, বৈঠকে উঠে আসা দাবিগুলি বাস্তবায়নে সরকার কত দ্রুত পদক্ষেপ করে।





