মনিরুল হক, কোচবিহারঃ শুধু ঐতিহ্য আর পর্যটন নয়, আধুনিক পরিকাঠামো, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং উচ্চশিক্ষার সুযোগ সব মিলিয়ে কোচবিহারকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানবন্দর থেকে হাসপাতাল, কলেজ থেকে সাংস্কৃতিক কেন্দ্র জেলার উন্নয়নের একাধিক ক্ষেত্রকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন তিনি। কোচবিহারকে নগরায়নের পথে এগিয়ে নিয়ে গিয়ে মহানগরের আদলে গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।
বিমান যোগাযোগের ক্ষেত্রে কোচবিহার বিমানবন্দরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন শুভেন্দু। উড়ান প্রকল্পের আওতায় বিমানবন্দরের কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় চুক্তিবদ্ধ হওয়ার কথাও জানান তিনি। তাঁর মতে, বিমান পরিষেবা চালু ও পরিকাঠামোর উন্নতি হলে কোচবিহারের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে। পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং শিল্পের প্রসারেও তার ইতিবাচক প্রভাব পড়তে পারে।
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুই মাস আগে কোচবিহার সফরে এসে হাসপাতালের পরিষেবার বিভিন্ন সমস্যা তাঁর নজরে এসেছিল বলে জানান তিনি। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জেলার মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর অন্যত্র ছুটতে হবে না, এমন স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলার জন্য জমি সংগ্রহের কাজ শুরু করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
শুধু চিকিৎসা কিংবা যোগাযোগ নয়, শিক্ষা ও সংস্কৃতির প্রসারকেও উন্নয়নের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে নতুন কালচারাল সেন্টার গড়ে তোলার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। বিশেষ করে সিতাই ব্লকের মতো যেসব বিধানসভা এলাকায় এখনও কোনও কলেজ নেই, সেখানে কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন শুভেন্দু।
এ ছাড়াও ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের অসম্পূর্ণ নির্মাণকাজ শেষ করা, পর্যাপ্ত অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ করা হবে বলে জানান তিনি।
সব মিলিয়ে কোচবিহারের উন্নয়নে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতিকে একই সূত্রে বাঁধার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ঘোষণার বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিমানবন্দরের কাজ থেকে শুরু করে হাসপাতালের আধুনিকীকরণ কিংবা নতুন কলেজ প্রতিষ্ঠা প্রতিশ্রুতিগুলি কত দ্রুত বাস্তবের মাটিতে রূপ পায়, সেদিকেই তাকিয়ে কোচবিহারবাসী।




