কোচবিহার, ৮ এপ্রিলঃ ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারের গতি বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার সকাল থেকেই শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।
দিনের শুরুতেই কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন অভিজিৎ দে ভৌমিক। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন। এরপর সেখান থেকে সুটকাবাড়ি অঞ্চলে যান তিনি। ওই এলাকার ১৪০ ও ১৪১ নম্বর বুথের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং ভোটের আবেদন জানান।
প্রচারের সময় তিনি বলেন, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হলে তৃণমূল কংগ্রেসকেই আবার সুযোগ দিতে হবে। ভোটারদের কাছে তিনি জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে তাঁকে আশীর্বাদ করার আহ্বান জানান। তাঁর প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এরপর ১৫১ নম্বর বুথ এলাকায় একটি মন্দিরে পুজোর অনুষ্ঠানেও যোগ দেন তৃণমূল প্রার্থী। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং তাঁদের সমর্থন কামনা করেন। শহর ও গ্রাম মিলিয়ে সারাদিনই তাঁর প্রচার কর্মসূচি ছিল ব্যস্ততায় ভরা।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই সব রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রচারে জোর দিচ্ছে। সেই দৌড়ে পিছিয়ে থাকতে চাইছেন না অভিজিৎ দে ভৌমিকও। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ভোটের লড়াইয়ে এগিয়ে থাকার কৌশল নিয়েছেন তিনি বলে মনে করছে রাজনৈতিক মহল।





