আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ত্রিশূর রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পার্কিং লটে পুড়ে ছাই ২০০-রও বেশি বাইক

Published on: January 5, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৫ জানুয়ারিঃ রবিবার সাতসকালে কেরলের ত্রিশূর রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। ভারতীয় রেলের ব্যস্ত এই স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন বাইক পার্কিং লট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় এবং একের পর এক মোটরবাইক ও স্কুটার দাউদাউ করে জ্বলে ওঠে। প্রাথমিক অনুমান অনুযায়ী, অন্তত ২০০টিরও বেশি বাইক সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে, যদিও রেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই পার্কিং লটে প্রায় ৫০০টিরও বেশি বাইক ও স্কুটার রাখা ছিল। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ প্রথমে স্থানীয় বাসিন্দারা পার্কিং এলাকা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, কারণ বাইকগুলিতে থাকা জ্বালানির ফলে দাহ্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, আগুন নেভানোর পরও দীর্ঘ সময় ধরে গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে থাকে। এর জেরে ত্রিশূর রেল স্টেশন চত্বর কার্যত অচল হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে স্টেশন কর্তৃপক্ষ সাময়িকভাবে ট্রেন চলাচল ও যাত্রী পরিষেবা বন্ধ রাখে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই বহু নিত্যযাত্রী ট্রেন ধরার তাড়া ভুলে নিজেদের বাইকের খোঁজে পার্কিং লটের দিকে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে অধিকাংশ বাইক আগুনে পুড়ে গিয়েছে। তাঁদের মতে, প্রতিদিন গড়ে এখানে ৫০০টিরও বেশি বাইক রাখা থাকে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিপুল, তা বলার অপেক্ষা রাখে না।

ঘটনার পরই তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও পুলিশ। ত্রিশূর পুলিশ কমিশনারেট একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। রাজ্য পুলিশের ডিজিও ঘটনাস্থল পরিদর্শন করেন। কীভাবে আগুনের সূত্রপাত হল, তা জানতে পার্কিং লট ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা কোনও দাহ্য বস্তুর কারণেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment