খবরিয়া ২৪ ডেস্ক, ৩ জানুয়ারিঃ নতুন বছরের শুরুতেই বিনোদন জগতে একেবারে বড় চমক। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। দুই দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতের জাদুতে গোটা বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি। এবার সেই সঙ্গীতগুরুই নিজের প্রতিভার নতুন দিক তুলে ধরতে চলেছেন বড়পর্দায়। আর তাঁর এই অভিনয়যাত্রায় সঙ্গী হচ্ছেন ‘ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন’ হিসেবে খ্যাত প্রভু দেবা। ফলে স্বাভাবিকভাবেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
২০২৬ সালে মুক্তি পেতে চলেছে এই নতুন ছবি ‘মুনওয়াক’। ছবিটির পরিচালনায় রয়েছেন মনোজ এনএস এবং প্রযোজনায় বিহাইন্ড উডস প্রোডাকশন। গত বছর থেকেই শোনা যাচ্ছিল, এ আর রহমান বড় কোনও ঘোষণা করতে চলেছেন। অনেকেই ভেবেছিলেন নতুন কোনও মিউজিক অ্যালবাম বা আন্তর্জাতিক প্রজেক্টের কথা জানাবেন তিনি। কিন্তু যে তিনি অভিনয়ে হাতেখড়ি করতে চলেছেন, তা কার্যত কারও কল্পনাতেই ছিল না।
‘মুনওয়াক’ মূলত একটি কমেডি ছবি। এই ছবিতে এ আর রহমানকে দেখা যাবে ‘অ্যাংরি ইয়ং ম্যান’-ধাঁচের এক পরিচালকের চরিত্রে। চরিত্রটি কাল্পনিক হলেও গল্পে থাকছে একাধিক মজাদার মোচড় ও তিরিক্ষি হাস্যরস। ছবির পরিচালক জানিয়েছেন, গান রেকর্ডিংয়ের সময়ই রহমানকে চরিত্রটির প্রস্তাব দেওয়া হয় এবং তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। শুটিং সেটে তাঁর অভিনয় দেখে টিমের সদস্যরাও বেশ মুগ্ধ।
শুধু অভিনয়ই নয়, ছবির পাঁচটি গানেও কণ্ঠ দিয়েছেন এ আর রহমান নিজেই। অন্যদিকে, প্রভু দেবা থাকায় ছবিতে থাকছে একাধিক উচ্চভোল্টেজ নাচের দৃশ্য। পরিচালক ইঙ্গিত দিয়েছেন, রহমান ও প্রভু দেবাকে একসঙ্গে এমন কিছু দৃশ্যে দেখা যাবে যা দর্শকদের চমকে দেবে।
সব মিলিয়ে ২০২৬ সালে সিনেমাপ্রেমীদের জন্য এক বড় উপহার অপেক্ষা করছে। সঙ্গীতের জগৎ থেকে অভিনয়ে এ আর রহমানের এই নতুন ইনিংস যে বছরের অন্যতম আলোচিত বিষয় হতে চলেছে, তা বলাই বাহুল্য।





