নয়াদিল্লি, ১০ মার্চঃ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেসব আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে, সেইসব আপিল শুনানির জন্য একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং তাঁর সঙ্গে থাকবেন কয়েকজন প্রাক্তন বিচারপতি।
রাজ্যে এসআইআর সংক্রান্ত মামলায় একাধিক নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গেলেও একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। বিশেষ করে লজিক্যাল ডিসক্রেপেন্সির কারণে যেসব ভোটারের নাম বাদ পড়েছে, তাদের ক্ষেত্রেও আলাদা তালিকা প্রকাশের কথা বলা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার উভয় পক্ষই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে পারবে।
এছাড়াও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব ভোটারের নাম বাদ যাচ্ছে তাঁদের আপিল শোনার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করতে। এই বেঞ্চে থাকতে পারেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, অন্যান্য প্রাক্তন বিচারপতি অথবা পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বা বিচারপতিরা। বেঞ্চে কতজন সদস্য থাকবেন, তা নির্ধারণ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
আদালত জানিয়েছে, এই ট্রাইব্যুনাল গঠনের সমস্ত খরচ বহন করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বিচার বিভাগীয় আধিকারিকদের এবং কলকাতা হাইকোর্টকে সমস্ত ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করে।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট অনুযায়ী, গত ৯ মার্চ পর্যন্ত মোট ১০ লক্ষ ১৬ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। এদিকে বিচারকরা দ্রুত কাজ এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করছেন বলে হাইকোর্ট সূত্রে জানানো হয়েছে। তাঁদের ছুটিও বাতিল করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচন কমিশনকে বলা হয়েছে যাতে কাজের ক্ষেত্রে কোনও ধরনের বাধা সৃষ্টি না হয়।





