খবরিয়া ২৪ ডেস্ক, ২১ ফেব্রুয়ারিঃ ফেব্রুয়ারির গোড়াতেই বলিউড তারকা আমির খান মুম্বই থেকে মুর্শিদাবাদে এসে দেখা করেছিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং–এর সঙ্গে। জানা গিয়েছিল, ছেলে জুনেইদ খানের ছবির জন্য গান নিয়ে আলোচনাতেই তিনি বহরমপুরে কয়েকদিন অবস্থান করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন জল্পনা টলিপাড়ায়।
সিনেপাড়ার অন্দরমহল সূত্রে খবর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের দুই পরিচিত মুখ অভিনেতা যীশু সেনগুপ্ত এবং সুরকার-পরিচালক ইন্দ্রাদ্বীপ দাসগুপ্তা । শুক্রবার রাতেই তাঁদের সেখানে পৌঁছনোর খবর মিলেছে। তবে এই সফরের প্রকৃত কারণ নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
উল্লেখ্য, গত জানুয়ারিতেই অরিজিৎ প্লেব্যাক দুনিয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন। যদিও তিনি জানিয়েছিলেন, আগে থেকে প্রতিশ্রুত কিছু কাজ সম্পূর্ণ করবেন, কিন্তু নতুন কোনও প্লেব্যাক গান আর গ্রহণ করবেন না। তাই যিশু ও ইন্দ্রদীপের এই সফর ঘিরে কৌতূহল আরও বেড়েছে।
অভিনয়ের পাশাপাশি যিশু সম্প্রতি প্রযোজনার কাজও শুরু করেছেন। অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালক হিসেবে একাধিক প্রশংসিত ছবি উপহার দিয়েছেন। ফলে নতুন কোনও বাংলা ছবির পরিকল্পনায় তাঁরা জুটি বেঁধেছেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পর আবারও কি বাংলা সিনেমায় অরিজিতের কণ্ঠ শোনা যাবে? আপাতত সেই উত্তর সময়ই দেবে, তবে টলিপাড়ায় চর্চা তুঙ্গে।





