শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বরঃ গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর থানার অধীন সাহাডারগছে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করল আবগারি দফতর। বাগডোগরা রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টরের তত্ত্বাবধানে এবং শিলিগুড়ি রেঞ্জের আধিকারিক ও কর্মীদের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার হয়েছে ‘রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি’ লেখা ৭৫০ মিলিলিটারের ৯২৪টি বোতল। মোট পরিমাণ প্রায় ৬৯৩ লিটার। পাশাপাশি উদ্ধার হয়েছে ৫,৫০০টি নকল বোতলের ক্যাপ, বিভিন্ন ব্র্যান্ডের ৩৮ হাজার নকল লেবেল এবং ২০ হাজার হোলোগ্রাম।
এছাড়াও অভিযানে ১২২ লিটার রঙিন ও সুগন্ধিযুক্ত স্পিরিট, ৬৫ লিটার ক্যারামেল, ৯ লিটার সুগন্ধি মেশানোর উপাদান এবং ১,৭১৮টি খালি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। মদ তৈরির কাজে ব্যবহৃত দুটি ধাতব ভ্যাট, দুটি অ্যালকোহল মাপার যন্ত্র এবং দুটি মাপার সিলিন্ডারও বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযানে একটি বোলেরো পিক-আপ এবং একটি টাটা যোধা গাড়িও বাজেয়াপ্ত করে আবগারি দফতর। দফতরের হিসেব অনুযায়ী, উদ্ধার হওয়া সামগ্রী এবং দুটি গাড়ির মোট আনুমানিক মূল্য ৩৮ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা। এর মধ্যে উদ্ধার হওয়া মদ ও অন্যান্য সামগ্রীর আনুমানিক মূল্য ২২ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা এবং দুটি গাড়ির মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
আবগারি দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিপুল পরিমাণ তৈরি নকল বিদেশি মদ, বোতল, ক্যাপ, লেবেল, হোলোগ্রাম এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় একটি কথিত অবৈধ বিদেশি মদ তৈরির চক্রের সন্ধান মিলেছে। এই কারবারের কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী কোথা থেকে আসত, কোথায় তৈরি মদ সরবরাহ করা হত এবং এর সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।





