শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বরঃ শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হিংসা এবং পড়ুয়াদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে সরগরম শিলিগুড়ি। SFI-এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে ABVP-র এক ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগ তুলে বুধবার শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ABVP। পাশাপাশি, ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশের কাছে FIR দায়ের করেন সংগঠনের সদস্যরা।
ABVP-র অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উত্তরবঙ্গের জলপাইগুড়ির এসি কলেজ ও আইন কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যকর্তারা রাজনৈতিক হিংসার শিকার হচ্ছেন। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই শিলিগুড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি সংগঠনের।
সংগঠনের অভিযোগ, SFI-এর কয়েকজন সদস্য ABVP-র এক ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা এবং শ্লীলতাহানি করেছেন। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ABVP নেতৃত্বের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার জায়গা। সেখানে রাজনৈতিক মতাদর্শের কারণে কোনও পড়ুয়াকে হেনস্থার অভিযোগ উঠলে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।
অন্যদিকে, অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। FIR-এর ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।





