দিনহাটা, ৯ সেপ্টেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে অবস্থিত সাহেবগঞ্জের ঐতিহ্যবাহী ছিন্নমস্তা মন্দিরে আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে ৪৮তম বর্ষের ছিন্নমস্তা মায়ের পুজো। পুজোকে ঘিরে ইতিমধ্যেই মন্দির চত্বরে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। সীমান্তের কাঁটাতার পেরিয়ে জাগ্রত মায়ের দর্শন পেতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌশিকী অমাবস্যার পুজো উপলক্ষে এবারও বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে বৈধ পরিচয়পত্র যাচাইয়ের পর সীমান্তের গেট পেরিয়ে মন্দিরে প্রবেশের সুযোগ পান দর্শনার্থীরা। বিশেষ এই পুজোকে ঘিরে রাতভর চলে পুজো, মন্ত্রোচ্চারণ ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। পুজো শেষে ভোরের দিকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
ভারত-বাংলাদেশ সীমান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় মন্দিরটির অবস্থান হওয়ায় নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। পুজোর দিন ভক্তদের যাতায়াত এবং মন্দির চত্বরের পরিস্থিতির উপর নজর রাখে সাহেবগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ। এবারও বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর ব্যবস্থাপনাতেও নজর দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই মন্দির চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা, পুজোর বিভিন্ন সামগ্রী প্রস্তুত করা-সহ একাধিক কাজ চলছে। কৌশিকী অমাবস্যায় ফের ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠবে সীমান্তের এই ঐতিহ্যবাহী মন্দির।





