খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ জানুয়ারিঃ ইন্দোরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। রবিবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১ সমতায় থাকায় এই ম্যাচের ফলই ঠিক করে দেবে সিরিজের ভাগ্য। ঘরের মাঠে ওয়ানডেতে দুর্দান্ত রেকর্ড বজায় রাখাই ভারতের মূল লক্ষ্য।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে একটি বড় পরিবর্তন দেখা গিয়েছে। পেস আক্রমণে অর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হয়েছে, বাইরে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে। নতুন বলে আক্রমণাত্মক বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনাই যে টিম ইন্ডিয়ার, তা স্পষ্ট। অন্যদিকে, রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড, সেই অপরিবর্তিত দলই খেলাচ্ছে ব্ল্যাকক্যাপস।
ম্যাচের শুরুতেই ভারতীয় বোলাররা কিউই ব্যাটিং লাইনে বড় ধাক্কা দেয়। ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ১১-২। ওপেনিং ধাক্কার পর কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল। ৬ ওভার শেষে স্কোর ছিল ২৭-২, তখন ইয়ং ১৬ ও মিচেল ৫ রানে ব্যাট করছিলেন।
এরপর দু’জন কিছুটা স্থিতি ফেরালেও ভারতীয় বোলারদের চাপ বজায় থাকে। ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৫৮-২। ইয়ং ৩০ ও মিচেল ২২ রানে ব্যাট করছিলেন। তবে ১৪.৩৩ মিনিটে ফের বড় সাফল্য পায় ভারত। হর্ষিত রানার দুর্দান্ত বলে ৩০ রান করে আউট হন উইল ইয়ং। তৃতীয় উইকেট হারিয়ে চাপ আরও বাড়ে কিউইদের উপর।
এই ম্যাচ নিউজিল্যান্ডের কাছেও ঐতিহাসিক হয়ে ওঠার সুযোগ। কারণ, ভারতের মাটিতে এখনও পর্যন্ত কোনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি তারা। সেই নজির ভাঙার লক্ষ্য নিয়েই ইন্দোরে নেমেছে ব্ল্যাকক্যাপস। তবে প্রথম দিকের উইকেট হারিয়ে তারা যে কঠিন চ্যালেঞ্জের মুখে, তা বলাই বাহুল্য। এখন দেখার, মাঝের ওভারে কোন দল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে।





