খবরিয়া ২৪ ডেস্ক, ৭ জানুয়ারিঃ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। বিধানসভা নির্বাচন আসন্ন থাকায় এ বছর মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই এগিয়ে আনা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এরই মধ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষার অবসান ঘটিয়ে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের তরফে বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে আগামী ২০ জানুয়ারি ২০২৬ থেকে। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলি খোলা থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই স্কুল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। পর্ষদ স্পষ্ট করে দিয়েছে, পরীক্ষার্থীরা সরাসরি নয়, তাদের নিজ নিজ স্কুলের মাধ্যমেই অ্যাডমিট কার্ড পাবে। ফলে নির্দিষ্ট তারিখ ও সময় অত্যন্ত গুরুত্ব দিয়ে মনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। পরীক্ষার্থীদের স্বার্থে অ্যাডমিট কার্ড বিতরণ সংক্রান্ত নিয়মাবলি উল্লেখ করে একটি বিস্তারিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে প্রকাশ করা হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট, অর্থাৎ সকাল ১০টা ৪৫ থেকে ১১টা পর্যন্ত পরীক্ষার্থীরা শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার সুযোগ পাবে। উত্তর লেখা শুরু করতে হবে সকাল ১১টা থেকে।
ইতিমধ্যেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হলেও সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশন পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। প্রথম ভাষার পরীক্ষায় বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ১১টি বিষয় অন্তর্ভুক্ত থাকছে। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি, বাংলা অথবা নেপালি ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। মিউজ়িক (ভোক্যাল ও ইন্সট্রুমেন্টাল) পরীক্ষা হবে ২ ঘণ্টা ১৫ মিনিটের, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিয়োরি পরীক্ষা চলবে ২ ঘণ্টা ৪৫ মিনিট এবং ভোকেশনাল বিষয়ে নির্ধারিত সময় ১ ঘণ্টা ৪৫ মিনিট।পর্ষদের এই ঘোষণায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে।





