কলকাতা, ২৮ নভেম্বরঃ ফের অশান্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। শনিবার ভোরের আলো ফোটার আগেই ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, অন্তত ৩০০ পুলিশকর্মী ক্যাম্পাসে ঢুকে তাঁদের জোর করে বাইরে সরিয়ে দেন। শুধু তাই নয়, ধরনামঞ্চের আসবাবপত্র-সহ আন্দোলনের বিভিন্ন সামগ্রীও সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশি অভিযানের প্রতিবাদ করতে গিয়ে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ছাত্রীদের সঙ্গে পুরুষ পুলিশকর্মীদের টানাহ্যাঁচড়া এবং আন্দোলনকারীদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
পড়ুয়াদের অভিযোগ, শনিবার সকাল ৬টা নাগাদ আচমকাই ক্যাম্পাসে ঢুকে পড়েন বিপুল সংখ্যক পুলিশকর্মী। তাঁদের কারও কারও মুখ কাপড়ে ঢাকা ছিল বলেও দাবি আন্দোলনকারীদের। ক্যাম্পাসের ভিতরে থাকা ধরনামঞ্চ এবং সেখানে রাখা আসবাবপত্র-সহ অন্যান্য সামগ্রী সরিয়ে দেওয়া হয়। এর পর একটি পিকআপ ভ্যান এনে আন্দোলনরত পড়ুয়াদের একাংশকে তাতে তুলে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
পড়ুয়াদের দাবি, এই পদক্ষেপের প্রতিবাদ জানাতে গেলে পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। পরিস্থিতি গড়ায় ধস্তাধস্তিতে। আন্দোলনকারীদের আরও অভিযোগ, ছাত্রীদের সঙ্গেও পুরুষ পুলিশকর্মীরা টানাহ্যাঁচড়া করেন। ঘটনার ছবি বা ভিডিয়ো যাতে বাইরে ছড়িয়ে পড়তে না পারে, সেই উদ্দেশ্যে কয়েক জন পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। সকাল সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসে পুলিশি তৎপরতা চলে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে এসআরএফটিআইয়ে পড়ুয়াদের একাংশের সঙ্গে কর্তৃপক্ষের সংঘাতের সূত্রপাত। বিভিন্ন দাবি-দাওয়া ঘিরে শুরু হওয়া আন্দোলন ক্রমশ তীব্র আকার নেয়। উপাচার্যের পদত্যাগ-সহ একাধিক দাবিতে সরব হন পড়ুয়াদের একাংশ। পাল্টা পরিস্থিতি সামাল দিতে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে পঠনপাঠন বন্ধ থাকলেও আন্দোলনের আঁচ কমেনি। বরং প্রশাসনিক পদক্ষেপ এবং পড়ুয়াদের অবস্থান ঘিরে তৈরি হয়েছে দীর্ঘস্থায়ী অচলাবস্থা।
শনিবারের ঘটনাকে কেন্দ্র করে সেই অচলাবস্থা নতুন মাত্রা পেল। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের দাবি না মিটিয়ে পুলিশি পদক্ষেপের মাধ্যমে আন্দোলন সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত এসআরএফটিআই কর্তৃপক্ষ কিংবা কলকাতা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফলে পুলিশের অভিযান ঘিরে ওঠা অভিযোগের সত্যতা, পড়ুয়াদের সরিয়ে দেওয়ার কারণ এবং ধরনামঞ্চের সামগ্রী সরানোর নির্দেশ কে দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটার বদলে নতুন করে উত্তেজনা বাড়ায় এসআরএফটিআইয়ের পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।





