মুম্বাই, ১১ নভেম্বরঃ বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ, জ্বালানি থেকে পরিকাঠামো নানা ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে তাঁর সংস্থার ব্যবসা। এ বার সেই সাম্রাজ্যের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মুখ খুললেন গৌতম আদানি। ৬৪ বছর বয়সি আদানি গোষ্ঠীর চেয়ারম্যানের ইঙ্গিত, পরবর্তী প্রজন্মের চার সদস্যের হাতেই ধীরে ধীরে দায়িত্বের বড় অংশ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁরা হলেন তাঁর দুই ছেলে করণ ও জিৎ এবং দুই ভাইপো প্রণব ও সাগর।
‘ফরচুন ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে উত্তরাধিকার নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন গৌতম। তাঁর বক্তব্য, উত্তরাধিকার সূত্রে সরাসরি মালিকানা পাওয়া যায় না, যোগ্যতা দিয়ে তা অর্জন করতে হয়। পরবর্তী প্রজন্মের চার সদস্য ইতিমধ্যেই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ব্যবসাগুলির দায়িত্ব সামলাচ্ছেন। তাঁদের কাছে আরও বড় পরিসরে চিন্তা করা এবং দীর্ঘমেয়াদি ব্যবসা গড়ে তোলার প্রত্যাশা রয়েছে তাঁর।
চারজনের মধ্যে বড় ছেলে করণ আদানি, বয়স ৩৯। তিনি আদানি পোর্টস অ্যান্ড এসইজেডের ম্যানেজিং ডিরেক্টর। বন্দর ও লজিস্টিকস ব্যবসার দায়িত্ব তাঁর কাঁধে। ছোট ছেলে ২৯ বছরের জিৎ আদানি আদানি এয়ারপোর্টসের ডিরেক্টর এবং আদানি ডিজিটাল ল্যাবসের প্রধান। বিমানবন্দর পরিচালনা, অর্থসংস্থান ও ডিজিটাল ব্যবসার সঙ্গে যুক্ত তিনি।
অন্যদিকে, গৌতমের বড় ভাই বিনোদ আদানির ছেলে প্রণব আদানি। ৪৮ বছরের প্রণব আদানি এন্টারপ্রাইজেসের ডিরেক্টর। রিয়েল এস্টেট, প্রাকৃতিক গ্যাস, কৃষিপণ্য এবং মুম্বইয়ের ধারাভি পুনর্বাসন প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র সামলান তিনি। আর ছোট ভাই রাজেশ আদানির ছেলে সাগর আদানি আদানি গ্রিন এনার্জির এক্সিকিউটিভ ডিরেক্টর। গোষ্ঠীর পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবসার নেতৃত্বে রয়েছেন তিনি।
অর্থাৎ, পারিবারিক সম্পর্কের পাশাপাশি দায়িত্ব বণ্টনের ক্ষেত্রেও চারজনের ভূমিকা ইতিমধ্যেই স্পষ্ট। তবে কবে তাঁদের হাতে পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি গৌতম আদানি। আপাতত তাঁর ইঙ্গিত, ভবিষ্যতের আদানি সাম্রাজ্য গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।





