কুলগাম, ১১ নভেম্বরঃ প্রায় এক বছর পর ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীর। এ বার কুলগামের মিরবাজারে সিআরপিএফের নাকা পয়েন্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুই সশস্ত্র হামলাকারী। বুধবার দুপুরে বাইকে চেপে এসে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় তারা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তিন সিআরপিএফ জওয়ান। আহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্তোষ চাঁদু। তাঁকে-সহ তিন জওয়ানকে উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর দুটো নাগাদ মোটরসাইকেলে চেপে ঘটনাস্থলে আসে দুই হামলাকারী। নাকা চেকিং চলাকালীন নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। আচমকা হামলার পর পালটা জবাব দেন সিআরপিএফ জওয়ানেরা। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে বাইকে চেপেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুই হামলাকারী।
সিআরপিএফের বিবৃতিতেও হামলার কথা স্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, কুলগাম জেলার একটি তল্লাশি চৌকিতে মোতায়েন নিরাপত্তাকর্মীদের উপর মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গুলি চালায়। তাতে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
আহত তিন জওয়ানের মধ্যে সন্তোষ চাঁদু পশ্চিমবঙ্গের বাসিন্দা। বাকি দু’জন অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং। সূত্রের খবর, সন্তোষের কোমর ও মেরুদণ্ডে গুলি লেগেছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।
প্রাথমিক তদন্তে নিরাপত্তা সংস্থাগুলির অনুমান, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। এর পিছনে লস্কর-ই-তইবার যোগ থাকতে পারে বলে সন্দেহ। তদন্তকারীদের একাংশের দাবি, হামলার নেপথ্যে থাকতে পারে লস্কর জঙ্গি মহম্মদ লতিফ ভাট। তার মাথার দাম ২৪ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। তবে হামলার দায় ও জঙ্গিদের পরিচয় নিয়ে তদন্ত চলছে।
ঘটনার পরেই কুলগাম-সহ উপত্যকার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ, সেনা ও সিআরপিএফ। হামলাকারীদের খোঁজে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।





