বাঁকুড়া, ১১ নভেম্বরঃ কাঠের উনুনে চাপানো ভাতের হাঁড়ি। আগুনের আঁচে জাল দিচ্ছেন মা বেদানা দেবী। পাশে বসে সবজি কাটছেন মেয়ে লক্ষ্মীপ্রিয়া। কিন্তু রান্নার ব্যস্ততা থাকলেও মন নেই কাজে। বাড়ির এক কোণে বসে মোবাইলের পর্দায় চোখ রেখেছেন ভাই বাপন ঘোষ। বারবার ইন্টারনেট খুলছেন। খুঁজছেন উত্তরাখণ্ডের উত্তরকাশীর খবর। কোনও নতুন তথ্য এসেছে? উদ্ধারকাজে মিলেছে কি কোনও সন্ধান? বরফে ঢাকা পাহাড়ের কোথাও কি খোঁজ পাওয়া গেল রতনের?
আজ ভাইফোঁটা। অথচ বাঁকুড়ার আচুরি গ্রাম পঞ্চায়েতের শালবনি গ্রামের ঘোষ পরিবারে নেই উৎসবের চেনা ব্যস্ততা। নেই ফোঁটার থালা, চন্দন, ধান-দূর্বা কিংবা মিষ্টিমুখের আয়োজন। কারণ, পরিবারের ছোট ছেলে রতন ঘোষ এখনও নিখোঁজ। উত্তরাখণ্ডের কেদারতালে বেড়াতে গিয়ে নিখোঁজ হন তিনি। তাঁর সঙ্গে থাকা সঙ্গীদের দেহ আগেই উদ্ধার হয়েছে। কিন্তু রতনের কোনও সন্ধান মেলেনি। সেই থেকে অপেক্ষার প্রহর গুনছে পরিবার।
ভাইফোঁটা মানেই লক্ষ্মীপ্রিয়ার কাছে দুই ভাই বাপন ও রতনকে পাশাপাশি বসিয়ে ফোঁটা দেওয়ার দিন। ছোটবেলার সেই অভ্যাস গত বছরও অটুট ছিল। ভাইদের কপালে চন্দনের ফোঁটা, মিষ্টিমুখ আর হাসি-ঠাট্টায় কেটে যেত গোটা দিন। এ বার সেই স্মৃতিই যেন আরও বেশি করে তাড়া করছে তাঁকে। লক্ষ্মীপ্রিয়ার কথায়, ‘‘প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করতাম। দুই ভাইকে পাশাপাশি বসিয়ে ফোঁটা দিতাম। রতন আমাকে খুব ভালবাসে। গত বছরও কত আনন্দ করেছিলাম। এ বার ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হল না। শুধু চাই, ও ফিরে আসুক।’’
মা বেদানা দেবীর অপেক্ষাও ফুরোচ্ছে না। কাঠের উনুনে রান্না করতে করতে বারবার ছেলের কথা মনে পড়ছে তাঁর। ছেলের পছন্দের খাবার তৈরি করার ইচ্ছেটুকুও যেন হারিয়ে গিয়েছে। মায়ের কথায়, ‘‘কত দিন হয়ে গেল রতনের মুখ দেখতে পাইনি। কখনও মোবাইলের দিকে তাকাই, কখনও দরজার দিকে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও।’’
আর বাপন? তাঁর হাতে মোবাইল, চোখ ইন্টারনেটের পর্দায়। প্রতিটি নতুন খবরের মধ্যে দাদার সন্ধান খুঁজছেন তিনি। বাইরে উৎসবের আলো, ঘরে অপেক্ষার অন্ধকার। ক্যালেন্ডারে ভাইফোঁটা এলেও ঘোষ পরিবারে এ বার উৎসবের দিনটি আটকে রয়েছে একটাই প্রার্থনায় ফিরে আসুক রতন। বোনের হাতে আবার উঠুক ফোঁটার থালা।





