জলপাইগুড়ি, ৩০ এপ্রিলঃ মালবাজার মহকুমার মেটেলি ব্লকের মুর্তি ফরেস্ট বস্তি এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হল ২৭ বছরের এক যুবকের। মৃতের নাম সুরোজ ওড়াও (২৭)। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই প্রাতঃক্রিয়া করতে গিয়ে আচমকাই একটি বুনো হাতির মুখোমুখি পড়েন ওই যুবক। মুহূর্তের মধ্যে হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে আশপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হন এবং বনদপ্তরে খবর দেন।
পরে চালশা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। এ বিষয়ে চালশা রেঞ্জের রেঞ্জার আশিস পাল জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। নিয়ম অনুযায়ী মৃতের পরিবার আবেদন করলে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ প্রদান করা হবে।
এলাকায় প্রায়ই হাতির উপদ্রব দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের। বনদপ্তরের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবিও উঠেছে।





