কলকাতা, ২১ এপ্রিলঃ আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে একাধিক পদক্ষেপের পর এবার মোটরবাইক চলাচলের উপরেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকেই স্পর্শকাতর এলাকাগুলিতে বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশনের যুক্তি, ভোটের সময় বাইক বাহিনীর দাপট কমানো এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়াও, বাইকে আরোহী বহনের ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও যাত্রী বসানো যাবে না। তবে এক্ষেত্রে কিছু জরুরি পরিষেবায় ছাড় রাখা হয়েছে। যেমন চিকিৎসাজনিত প্রয়োজন, পরিবারের জরুরি কাজ বা স্কুল পড়ুয়াদের পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
কমিশন আরও জানিয়েছে, এই ছাড়ের বাইরে অন্য কোনও প্রয়োজনে বাইক ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। পাশাপাশি, এই নির্দেশ যাতে কঠোরভাবে কার্যকর করা হয়, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কটাক্ষও শোনা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এরপর কি সাইকেল চালানোতেও নিষেধাজ্ঞা জারি হবে? তবে কমিশন তাদের অবস্থানে অনড়, তাদের দাবি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট করাতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।





