দিনহাটা, ১ আগস্টঃ মধ্যরাতের অন্ধকারে নম্বরপ্লেটহীন টোটোয় মাদক পাচারের ছক। কিন্তু গোপন সূত্রের খবরেই ভেস্তে গেল সেই পরিকল্পনা। দিনহাটার চৌধুরীহাটে পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।
শুক্রবার গভীর রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়ি-২ এলাকায় অভিযান চালায়। পুলিশ সূত্রের দাবি, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় নম্বরপ্লেটবিহীন একটি টোটো আটক করা হয়। তল্লাশি চালাতেই সামনে আসে মাদকের ভান্ডার।
পুলিশ জানিয়েছে, দিনহাটা-২ ব্লকের বিডিও লাহমু ওয়াই ওয়াংদি এবং নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে টোটোটি তল্লাশি করা হয়। সেখান থেকে উদ্ধার হয় ৭৯ গ্রাম ওজনের প্রায় ৮০০টি ইয়াবা ট্যাবলেট এবং ২.৭৫ কেজি গাঁজা। উদ্ধার হওয়া সমস্ত মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় স্থানীয় বাসিন্দা মনিরুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে চেষ্টা করছে, উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নকুল রায় এবং নয়ারহাট তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক হিমাদ্রি ঘোষ। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে পুলিশের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশের অনুমান।





