মালবাজার, ২৭ এপ্রিলঃ ডুয়ার্সের মালবাজার ব্লকের নেওরা ভ্যালি সংলগ্ন ডালিম চা বাগান এলাকায় জোড়া চিতাবাঘের দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি চারচাকা গাড়িতে করে কয়েকজন যুবক চা বাগানের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই তারা একসঙ্গে দুটি চিতাবাঘকে দেখতে পান। মুহূর্তের মধ্যে তারা মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
একসঙ্গে দুটি চিতাবাঘের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে শ্রমিকদের মধ্যে। প্রতিদিন ভোর থেকে চা পাতা তুলতে বাগানে যেতে হয় শ্রমিকদের। এমন পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চা পাতা তোলার সময় শব্দ করে কাজ করা, যেমন পটকা ফাটানো বা উচ্চস্বরে কথা বলা এই ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে, যাতে বন্যপ্রাণী মানুষের কাছাকাছি না আসে।
ঘটনার পর এলাকাবাসীর তরফে বনদপ্তরের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। নেওরা ভ্যালি সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর আনাগোনা নতুন নয়, তবে একসঙ্গে জোড়া চিতাবাঘের উপস্থিতি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।





